যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে সিনেটের একটি শুনানি চলাকালে হট্টগোল ও ধস্তাধস্তির ঘটনায় নর্থ ক্যারোলাইনার সিনেট নির্বাচনে গ্রিন পার্টির প্রার্থী এবং সাবেক মার্কিন মেরিন সদস্য ব্রায়ান ম্যাকগিনিসের হাত ভেঙে গেছে।
বুধবার (৪ মার্চ) সিনেট আর্মড সার্ভিসেস সাব-কমিটির শুনানিতে সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা সাক্ষ্য দেওয়ার সময় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ভিডিও ফুটেজ অনুযায়ী, শুনানির এক পর্যায়ে ম্যাকগিনিস হঠাৎ দাঁড়িয়ে ইরান ও ফিলিস্তিনের পক্ষে এবং ইসরাইলের বিপক্ষে স্লোগান দিয়ে বলেন, ইসরাইল এই যুদ্ধের জন্য দায়ী।
ম্যাকগিনিসকে কক্ষ থেকে বের করতে তিনজন পুলিশ কর্মকর্তা এবং মন্টানার রিপাবলিকান সিনেটর টিম শিহি সরাসরি ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন।
এ সময় ম্যাকগিনিস দরজা আঁকড়ে ধরে চিৎকার করে বলতে থাকেন যে, ইসরাইলের হয়ে কেউ লড়াই করতে চায় না। ধস্তাধস্তির এক পর্যায়ে ম্যাকগিনিসের হাত ভেঙে যায় এবং উপস্থিত সহকর্মীরা আতঙ্কিত হয়ে চিৎকার শুরু করেন।
পরে ম্যাকগিনিস নিজেও স্বীকার করেন যে, তিনি বাম হাতে গুরুতর আঘাত পেয়েছেন।
এই ঘটনার পর রিপাবলিকান সিনেটর টিম শিহি ‘এক্সে’ একটি পোস্ট দিয়ে দাবি করেন, ম্যাকগিনিস মূলত সংঘর্ষের উদ্দেশ্যেই ক্যাপিটলে এসেছিলেন এবং তিনি পরিস্থিতি শান্ত করতেই এগিয়ে গিয়েছিলেন।
অন্যদিকে ক্যাপিটল পুলিশ জানিয়েছে, ম্যাকগিনিস কর্মকর্তাদের ওপর চড়াও হয়েছিলেন এবং অত্যন্ত সহিংসভাবে বাধা প্রদান করেছিলেন।
এই অভিযোগে পুলিশ তার বিরুদ্ধে আক্রমণ, বেআইনিভাবে বিক্ষোভ প্রদর্শন এবং সরকারি কাজে বাধা দেওয়ার দায়ে মামলা দায়ের করেছে।
সময়ের আলো/আরবিএন