পবিত্র ঈদুল ফিতরের দিন ও তার আগের দিন বাংলাদেশের উপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি ও তীব্র বজ্রপাত অতিক্রম করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ।
বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর পৌনে ১টায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ তথ্য জানান।
তিনি লেখেন, ঈদের দিন ও ঈদের আগের দিন পুরো বাংলাদেশের উপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি ও তীব্র বজ্রপাত অতিক্রম করার প্রবল আশঙ্কা রয়েছে।
বিশেষ করে আগামী ১৬, ১৭ ও ১৮ মার্চ এই তিন দিনে দেশের উপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে।
এ সময় বাংলাদেশ ছাড়াও ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের উপর দিয়েও শক্তিশালী কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি এবং তীব্র বজ্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, এই বিষয়ে অধিকাংশ আবহাওয়া পূর্বাভাস মডেল প্রায় একই ধরনের ইঙ্গিত দিচ্ছে। তবে ঠিক কোন দিন কোন বিভাগের উপর দিয়ে এবং দিন বা রাতের কোন সময়ে ঝড় অতিক্রম করবে, সে বিষয়ে এখনই নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।
সময়ের আলো/আরবিএন