ক্রেতার চেয়ে দর্শনার্থী বেশি, সবাই ব্যস্ত ছবি তোলায়

ফাইয়াজ উদ্দিন স্মরণ

জাতীয়

অমর একুশে গ্রন্থমেলার প্রথম সপ্তাহ পার হয়েবৃহস্পতিবার (৫ মার্চ)ছিল মেলার অষ্টম দিন। শুরুর দিকের দিনগুলোতে তুলনামূলক কম ভিড় থাকলেও দিন

2026-03-06T05:14:58+00:00
2026-03-06T05:14:58+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
জাতীয়
অমর একুশে গ্রন্থমেলা
ক্রেতার চেয়ে দর্শনার্থী বেশি, সবাই ব্যস্ত ছবি তোলায়
ফাইয়াজ উদ্দিন স্মরণ
প্রকাশ: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ৫:১৪ এএম 
অমর একুশে গ্রন্থমেলায় পছন্দের বই দেখছেন তরুণীরা। বৃহস্পতিবার তোলা চিত্র। ছবি : সময়ের আলো
অমর একুশে গ্রন্থমেলার প্রথম সপ্তাহ পার হয়ে বৃহস্পতিবার (৫ মার্চ) ছিল মেলার অষ্টম দিন। শুরুর দিকের দিনগুলোতে তুলনামূলক কম ভিড় থাকলেও দিন যত এগোচ্ছে, ধীরে ধীরে বাড়তে শুরু করেছে পাঠক-দর্শনার্থীদের পদচারণে। বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানজুড়ে এখন অনেক মানুষের উপস্থিতি চোখে পড়ছে, যদিও তা অন্যান্য বছরের তুলনায় ততটা নয়। তবে মেলায় আসা অনেকের মধ্যেই বই কেনার চেয়ে ঘোরাঘুরি ও ছবি তোলার প্রবণতাই বেশি লক্ষ করা যায়। মেলায় মানুষের উপস্থিতি তুলনামূলক বাড়লেও বই কেনার হার তুলনামূলক কম বলেই জানান বিক্রেতারা। 

বৃহস্পতিবার মেলার বিভিন্ন স্টলে দেখা যায়, অনেক দর্শনার্থী স্টলে ঢুকে বই হাতে নিয়ে দেখছেন, আবার কেউ পছন্দের বই বা স্টলের সামনে দাঁড়িয়ে ছবি তুলতেই বেশি ব্যস্ত সময় কাটাচ্ছেন। বিশেষ করে তরুণ-তরুণীদের মধ্যে এই প্রবণতা বেশি চোখে পড়ে। কিন্তু শেষ পর্যন্ত বই না কিনেই তারা স্টল ছেড়ে চলে যান। ফলে সময়ের সঙ্গে সঙ্গে স্টলের সামনে ভিড় কিছুটা থাকলেও বিক্রির পরিমাণ আশানুরূপ নয় বলে জানিয়েছেন কয়েকজন প্রকাশক ও বিক্রয়কর্মী।

মাহবুবা আখতার নামের এক কলেজছাত্রী সময়ের আলোকে বলেন, মেলায় এলে আগে ঘুরে দেখি। অনেক সুন্দর কভার আর স্টল আছে, সেগুলোর সঙ্গে ছবি তুলি। সব বই তো কেনা সম্ভব না, তাই স্মৃতি হিসেবে ছবিটাই রেখে দিই।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাবিহা নওরীন সময়ের আলোকে বলেন, মেলায় নতুন বইগুলো দেখতে ভালো লাগে। বন্ধুদের সঙ্গে ঘুরে ঘুরে বই হাতে নিয়ে ছবি তুলি। এটাও এখন মেলার একটা মজা।

জনতা প্রকাশনীর বিক্রয়কর্মী আরমান হোসেন সময়ের আলোকে জানান, মেলায় এখন মানুষ আসছে ঠিকই, কিন্তু বই কেনার সংখ্যা খুব বেশি না। অনেকে বই দেখেন, ছবি তোলেন, তারপর চলে যান। 

পালক পাবলিশার্সের বিক্রয়কর্মী শাহাদত শুভ সময়ের আলোকে বলেন, মেলায় এখন মানুষের উপস্থিতি আগের চেয়ে কিছুটা বেড়েছে। কিন্তু যারা আসছেন তাদের অনেকেই বই না কিনে শুধু দেখছেন বা ছবি তুলছেন। বিক্রি এখনও তেমন বাড়েনি।

অন্যদিকে বৃহস্পতিবার অমর একুশে গ্রন্থমেলার সময়সূচি ছিল দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত এবং তথ্যকেন্দ্রে মেলার নতুন বই জমা পড়েছে ৯২টি। 

মূলমঞ্চের অনুষ্ঠান
বেলা ৩টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘জন্মশতবর্ষ : সুকান্ত ভট্টাচার্য’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে প্রবন্ধ উপস্থাপন করেন সুমন সাজ্জাদ। আলোচনায় অংশ নেন আহমেদ মাওলা। সভাপতিত্ব করেন আবদুল হাই শিকদার।
লেখক বলছি

লেখক বলছি অনুষ্ঠানে নিজেদের বই নিয়ে আলোচনা করেন কবি রেজাউদ্দিন স্টালিন ও কবি আসাদ কাজল।  

সাংস্কৃতিক অনুষ্ঠান 
বিকাল ৪টায় সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা পাঠ করেন শোভা চৌধুরী। আবৃত্তি পরিবেশন করেন শাকিলা মতিন মৃদুলা এবং সালমা সুলতানা। সংগীত পরিবেশন করেন আব্দুল লতিফ শাহ, এলাহী মাসুদ, ডলি মণ্ডল, শামীম সালাম, সাইফুল ইসলাম, মো. আলতাফ হোসেন ও জাকির হোসেন আখের। 
আজকের আয়োজন 
আজ শুক্রবার মেলা শুরু হবে বেলা ১১টায় এবং চলবে রাত ৯টা পর্যন্ত। মেলায় থাকবে শিশুপ্রহর। বেলা ৩টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে ‘জন্মশতবর্ষ : কলিম শরাফী’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে প্রবন্ধ উপস্থাপন করবেন অণিমা রায়। আলোচনায় অংশ নেবেন সাইম রানা। সভাপতিত্ব করবেন সাধন ঘোষ। বিকাল ৪টায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।

এফআর
  বিষয়:   অমর  একুশে গ্রন্থমেলা  ক্রেতা  দর্শনার্থী  ব্যস্ত  ছবি 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: