মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের মাঠ থেকে অজ্ঞাত ব্যাক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ মার্চ) সকাল ১১টার দিকে মাঠের একটি ধানখেত থেকে আনুমানিক ৪৫ বছর বয়সী অজ্ঞাত ব্যাক্তির মরদেহটি উদ্ধার করা হয়।
জানাগেছে, সকালে মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের ভারতীয় সীমান্তসংলগ্ন নাওগাড়া মাঠে লোকজন একটি ধানক্ষেতে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে মুজিবনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ জানায়, নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে।
মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
সময়ের আলো/জোই