রমজানের তৃতীয় জুমায় বায়তুল মোকাররমসহ বিভিন্ন মসজিদে মুসল্লিদের ঢল

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

পবিত্র মাহে রমজানের তৃতীয় জুমায়ও রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ রাজধানীর বিভিন্ন মসজিদগুলোতে জুমার নামাজে মুসল্লিদের ঢল নেমেছিল। রমজানের পুণ্যময়

2026-03-06T17:56:22+00:00
2026-03-06T17:56:22+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
জাতীয়
রমজানের তৃতীয় জুমায় বায়তুল মোকাররমসহ বিভিন্ন মসজিদে মুসল্লিদের ঢল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ৫:৫৬ পিএম 
রমজানের তৃতীয় জুমায় বায়তুল মোকাররমে মুসল্লিদের ভিড়। সংগৃহীত ছবি
পবিত্র মাহে রমজানের তৃতীয় জুমায়ও রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ রাজধানীর বিভিন্ন মসজিদগুলোতে জুমার নামাজে মুসল্লিদের ঢল নেমেছিল। রমজানের পুণ্যময় এই জুমায় শরিক হতে দলে দলে মসজিদে সমবেত হন শত শত মানুষ। মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নামাজ আদায়ের মাধ্যমে এই দিনটিকে স্মরণীয় করে রাখেন সবাই। 

শুক্রবার (৬ মার্চ) রাজধানীর প্রতিটি মসজিদে নানা বয়সী রোজাদারদের ব্যাপক সমাগম লক্ষ করা গেছে। অধিকাংশ মসজিদে স্থান সংকুলন না হওয়ায় রাস্তার অনেক দূর পর্যন্ত মুসল্লিগণ কাতারে নামাজ আদায় করেছেন। জুমাবারের ফজিলত ও গুরুত্বের কারণে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মুকাররম, মহাখালীস্থ মসজিদে গাউছুল আজম, হাইকোর্ট জামে মসজিদ, লালবাগ শাহী মসজিদ, চকবাজার শাহী মসজিদসহ রাজধানীর গুরুত্বপূণ মসজিদগুলোতে ব্যাপক মুসল্লির সমাগম হয়। 

নামাজ শেষে মসজিদগুলোতে ইরানে বর্বর ইসরায়েলি ও মার্কিন আগ্রাসন বন্ধ এবং নিহতদের রূহের মাগফিরাত কামনা, মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। মোনাজাতে মুসল্লিদের আমিন আমিন ধ্বনিতে প্রকম্পিত হয়ে উঠে। 


শুক্রবার বায়তুল মোকাররম এলাকায় গিয়ে দেখা যায়, আজানের ধ্বনি শোনার পরপরই মসজিদ প্রাঙ্গণে মুসল্লিদের সংখ্যা বাড়তে থাকে। কেউ এসেছেন বন্ধু-বান্ধব ও স্বজনদের সঙ্গে, আবার কেউবা একাই এসেছেন জুমার নামাজ আদায় করতে। দুপুর হওয়ার আগেই মসজিদের ভেতর ও বাইরের অংশ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। জায়গার সংকুলান না হওয়ায় অনেক মুসল্লিকে আশপাশের অন্য মসজিদে চলে যেতে দেখা গেছে। 

নামাজ পড়তে আসা মুসল্লি আলিফ হোসেন বলেন, ‘রমজানের শুরু থেকেই আমি প্রতিটি জুমার নামাজ বায়তুল মোকাররমে আদায় করেছি। আজকেও সেই নিয়মের ব্যতিক্রম হয়নি।’ 

সাদেকুল হক নামের আরেক মুসল্লি বলেন, ‘বায়তুল মোকাররমে সবার সঙ্গে জুমার নামাজ আদায়ে এক ধরনের প্রশান্তি কাজ করে। রমজান মাস অধিক সওয়াবের মাস, তাই মনের তৃপ্তি ও বাড়তি সওয়াবের আশায় এখানেই জুমার নামাজ আদায় করতে এসেছি।’ 

নামাজ পড়তে আসা আবুল হোসেন বলেন, ‘বায়তুল মোকাররমে নামাজ পড়ার মধ্যে এক ধরনের আনন্দ কাজ করে। হাজার হাজার মানুষ একত্রে নামাজ আদায় করছি, যা খুবই তাৎপর্যপূর্ণ।’ 

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের নিরাপত্তার বিষয়েও নেওয়া হয় কঠোর ব্যবস্থা। বরাবরের মতোই মসজিদের প্রবেশপথ ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক অবস্থানে দেখা গেছে। মসজিদের প্রতিটি প্রবেশমুখে সন্দেহজনক কিছু দেখলে প্রয়োজনীয় তল্লাশি চালায় নিরাপত্তা বাহিনী। 

ঢাকার বাইরে প্রতিটি বিভাগীয় শহর, জেলাশহর, উপজেলা শহর এমনকি গ্রামগঞ্জের মসজিদের একই চিত্র দেখা গেছে। 

সমযের আলো/এনএ 


  বিষয়:   রমজানের তৃতীয় জুমা  বায়তুল মোকাররম  মসজিদ  মুসল্লিদের ঢল 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: