ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাত তীব্র আকার ধারণ করেছে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে ওই হামলা শুরুর পর পাল্টা প্রতিক্রিয়ায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে তেহরান। উপসাগরীয় অঞ্চলসহ বিভিন্ন স্থানে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হচ্ছে।
এবার বাহরাইনে অবস্থিত একটি অ্যামাজন ডাটা সেন্টারে ড্রোন হামলার খবর জানিয়েছে ইরান।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফারসের বরাত দিয়ে জানানো হয়েছে, দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) বাহরাইনে অবস্থিত অ্যামাজনের একটি ডাটা সেন্টার লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে।
ফারস নিউজের প্রতিবেদনে বলা হয়, তেহরানের শত্রুপক্ষের সামরিক ও গোয়েন্দা কার্যক্রমে সহায়তাকারী কেন্দ্রগুলোকে চিহ্নিত করে হামলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সেই প্রেক্ষাপটেই বাহরাইনের এই অ্যামাজন স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, হামলাটি দুবাইয়ের অ্যামাজন ডাটা সেন্টারসহ অঞ্চলের অন্যান্য কৌশলগত স্থাপনায় আইআরজিসির সাম্প্রতিক ধারাবাহিক অভিযানের অংশ।
এদিকে গত সোমবার অ্যামাজন ওয়েব সার্ভিসেস জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতে তাদের দুটি স্থাপনায় সরাসরি আঘাত হানা হয়েছে এবং বাহরাইনে একটি স্থাপনার খুব কাছাকাছি ড্রোন হামলার কারণে অবকাঠামোগত ক্ষতি হয়েছে।
প্রতিষ্ঠানটি আরও জানায়, হামলার ফলে কাঠামোগত ক্ষতি হয়েছে এবং কিছু ক্ষেত্রে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছে। পাশাপাশি আগুন নেভানোর কাজে অতিরিক্ত পানি ব্যবহারের কারণেও কিছু অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে।
সময়ের আলো/আরবিএন