কিশোরগঞ্জের পাগলা মসজিদ থেকে নিলামে গরু কিনে এক বছরেও টাকা পরিশোধ করেননি বলে অভিযোগ উঠেছে মো. জীবন মিয়া নামে এক কথিত বিএনপি নেতার বিরুদ্ধে। অভিযুক্ত জীবন মিয়া শহরের হারুয়া এলাকার ইসলাম উদ্দিনের ছেলে।
মসজিদের প্রশাসনিক কর্মকর্তার দাবি, বার বার তাগাদা দেওয়ার পরও জীবন মিয়া গরু কেনার ৫৫ হাজার টাকা পরিশোধ করেননি। উল্টো নানাভাবে হুমকি -ধামকি দিয়ে যাচ্ছেন তিনি। বিষয়টি মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।
তবে পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লার দাবি করেন, বিষয়টি তার জানা নেই। কেউ তাকে বিষয়টি জানায়নি। নিলামের গরু বাকিতে বিক্রয় হয় কীভাবে?' বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।
বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে পাগলা মসজিদে নিলামের সময় জীবন মিয়ার নেতৃত্বে স্থানীয় সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে।
জীবন মিয়া নিজেকে কিশোরগঞ্জ পৌর বিএনপির ৫ নং ওয়ার্ডের সদস্য দাবি করলেও পৌর বিএনপির সভাপতি আমিনুল ইসলাম আশফাক জানান, ৫ নং ওয়ার্ডে বিএনপির কোনো কমিটি নেই। কেউ যদি পদ ব্যবহার করে সেটা অসাংগঠনিক।
পাগলা মসজিদ প্রশাসন সূত্রে জানা যায়, জীবন ও তার স্বজনরা পাগলা মসজিদের নিলাম বাণিজ্য পরিচালনা করছেন। গত বছরের ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নিলামে দানের একটি গরু ৫৫ হাজার টাকায় কিনে নেন জীবন মিয়া। নিলামের নিয়ম অনুযায়ী ক্রেতাকে তাৎক্ষণিকভাবে মূল্য পরিশোধ করার কথা থাকলেও সে সময় কোনো টাকা পরিশোধ করেননি তিনি। এরপর প্রায় এক বছর অতিবাহিত হলেও এখনো ওই অর্থ পরিশোধ করেনি জীবন মিয়া।
পাগলা মসজিদের প্রশাসনিক কর্মকর্তা জুবায়ের আহমেদ বলেন, নিলামের গরুর টাকা আদায়ের জন্য একাধিকবার চেষ্টা করা হয়েছে। কিন্তু টাকা পাওয়া যায়নি। বিষয়টি মসজিদ পরিচালনা কমিটির সভাপতিসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আমরা এখানে চাকরি করি, তাই নিরাপত্তা নিয়েও উদ্বেগ রয়েছে। কিছু বলতে গেলেই হুমকি-ধমকি দেওয়া হয়।
বৃহস্পতিবার বিকেলে পাগলা মসজিদে দানের মালামাল নিলামে বিক্রি করার সময় তার নেতৃত্বে স্থানীয় সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে চ্যানেল টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি খায়রুল আলম ফয়সাল ও গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি ফয়জুল ইসলাম ভুঁইয়া পিংকু গুরুতর আহত হন।
এ ঘটনায় আহত ফয়জুল ইসলাম ভুঁইয়া পিংকু বাদী হয়ে জীবন মিয়াকে প্রধান আসামি করে কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা করেছেন। এদিন রাতেই মামলার প্রধান আসামি জীবনসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয়দের দাবি, পাগলা মসজিদের নিলাম কার্যক্রম ঘিরে দীর্ঘদিন ধরেই একটি প্রভাবশালী চক্র সক্রিয় রয়েছে। বিষয়টি তদন্ত করে অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালম ভুঁইয়া জানায়, মামলার পর অভিযান চালিয়ে জীবন মিয়া ও মনা নামে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
সময়ের আলো/আআ