মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিকে কেন্দ্র করে দেশে জ্বালানি তেলের অতিরিক্ত মজুদ না করার জন্য পাম্পের মালিকসহ জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে জ্বালানি তেলের বাজারে সরবরাহ ও দাম নিয়ে দেশে বেশ কিছু গুজব ছড়িয়েছে পড়েছে। সে কারণে দেশের বাজারে হঠাৎ করেই জ্বালানি তেলের চাহিদা বেড়ে গেছে। তাই তেল নিয়ে অহেতুক আতঙ্ক না ছড়ানোরও আহ্বান জানিয়েছেন মন্ত্রী।
শুক্রবার (৬ মার্চ) বিকেলে রাজধানীর আসাদ গেট এলাকায় পেট্রল পাম্প পরিদর্শনের সময় তিনি এ আহ্বান জানান।
এ সময় জ্বালানিমন্ত্রী বলেন, কেউ অতিরিক্ত তেল ক্রয় ও মজুদ করবেন না। অস্থির হওয়ার কোনো কারণ নেই। দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং সরবরাহ স্বাভাবিক রয়েছে। সরকার পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখছে।
তিনি বলেন, তেল নিয়ে অহেতুক আতঙ্ক ছড়াবেন না। চালকরা কেউ বাড়তি তেল মজুদ করবেন না।
এদিকে, জ্বালানি তেল নিয়ে সৃষ্ট পরিস্থিতিতে দৈনিক পরিমাণ নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।
এখন থেকে মোটরসাইকেল সর্বোচ্চ ২ লিটার, প্রাইভেট কার সর্বোচ্চ ১০ লিটার ও জিপ-মাইক্রোবাস সর্বোচ্চ ২৫ লিটার পেট্রল বা অকটেন এবং পিকআপ-লোকাল বাস সর্বোচ্চ ৮০ লিটার ও দূরপাল্লার বাস-ট্রাক-কাভার্ড ভ্যান-কন্টেইনার ট্রাক সর্বোচ্চ ২২০ লিটার ডিজেল কিনতে পারবে।
সময়ের আলো/এনএ