ইরানের ওপর চলমান সামরিক অভিযান নিয়ে এক চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।
বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডে অনুষ্ঠিত এক শীর্ষ পর্যায়ের ব্রিফিংয়ে তিনি জানান, ইরান ও তেহরানের ওপর মার্কিন বাহিনীর গোলাবারুদ নিক্ষেপের পরিমাণ সামনে নাটকীয়ভাবে বৃদ্ধি পেতে যাচ্ছে।
তিনি বিশেষভাবে উল্লেখ করেন, ভারত মহাসাগরে অবস্থিত যুক্তরাজ্যের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি 'দিয়েগো গার্সিয়া' ব্যবহারের অনুমোদন পাওয়ার ফলে যুক্তরাষ্ট্রের জন্য এখন ইরানে হামলা জোরদার করা অনেক সহজ হয়েছে।
তবে ঘাঁটি ব্যবহারের অনুমতি নিয়ে কিছুটা অসন্তোষ প্রকাশ করে হেগসেথ বলেন, দুঃখজনক যে শুরু থেকেই ব্রিটিশরা এটি ব্যবহারের স্পষ্ট অনুমোদন দেয়নি। তবে শেষ পর্যন্ত আমরা ঘাঁটিটি ব্যবহারের সুযোগ পেয়েছি, যা আমাদের সক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে।
এদিকে, মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এক বিবৃতিতে জানিয়েছেন, ব্রিটেন কাতারে অবস্থিত তাদের বিদ্যমান স্কোয়াড্রনের শক্তি বাড়াতে আরও চারটি টাইফুন যুদ্ধবিমান পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।
স্টারমার স্পষ্ট করেছেন যে, ব্রিটিশ ঘাঁটিগুলো মূলত যুক্তরাষ্ট্রকে ‘প্রতিরক্ষামূলক অভিযান পরিচালনার’ স্বার্থে ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছে।
সামরিক বিশ্লেষকদের মতে, দিয়েগো গার্সিয়ার মতো কৌশলগত ঘাঁটি ব্যবহারের ফলে যুক্তরাষ্ট্র এখন ইরানের মূল ভূখণ্ডে আরও নির্ভুল এবং শক্তিশালী দূরপাল্লার হামলা চালাতে সক্ষম হবে। হেগসেথের এই হুঁশিয়ারি এবং ব্রিটেনের সামরিক তৎপরতা বৃদ্ধি পাওয়ার ফলে এই অঞ্চলে সংঘাত আরও বড় আকার ধারণ করার আশঙ্কা দেখা দিয়েছে।
সময়ের আলো/আরবিএন