রাজধানীর তেজগাঁও থানা এলাকার সোনারগাঁও ক্রসিংয়ে কাচের টুকরার আঘাতে ময়জুল ওরফে কালু (১৬) নামে এক পথশিশু নিহত হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে তেজগাঁওয়ের সোনারগাঁও হোটেল ক্রসিংয়ের সামনে এ ঘটনা ঘটে।
মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাত সাড়ে ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আহত অবস্থায় ময়জুলকে হাসপাতালে নিয়ে আসা আল আমিন নামে আরেক পথশিশু জানান, তারা দুজনই কারওয়ান বাজার এলাকায় থাকে এবং সেখানে ভাঙারি সংগ্রহের কাজ করে। শুক্রবার রাতে সোনারগাঁও ক্রসিং এলাকায় আরেক পথশিশু হামিদুলের সঙ্গে ডেনডি খাওয়া নিয়ে ময়জুলের কথা কাটাকাটি ও মারামারি হয়। একপর্যায়ে হামিদুল তার কাছে থাকা কাচের টুকরা দিয়ে ময়জুলের মাথা ও ঘাড়ে আঘাত করে। এতে গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে যায় সে।
পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর স্থানীয় লোকজন হামিদুলকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
আল আমিন আরও জানান, নিহত ময়জুলের বাড়ি ময়মনসিংহ জেলায়। তবে সে দীর্ঘদিন ধরে কারওয়ান বাজার এলাকায় থেকে ভাঙারি সংগ্রহের কাজ করত।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তার মাথা ও ঘাড়ে আঘাতের চিহ্ন রয়েছে। বিষয়টি তেজগাঁও থানা পুলিশ তদন্ত করছে।
সময়ের আলো/আরবিএন