নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের বিষয়টি পুরোপুরি অ্যাসেম্বলি অফ এক্সপার্টসের (বিশেষজ্ঞ পরিষদ) ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন কয়েকজন ইরানি কর্মকর্তা।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ইরানকে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন তারা। একইসঙ্গে দেশটির পরবর্তী নেতা নির্বাচনে তার ভূমিকা থাকার দাবিকে সরাসরি নাকচ করে দিয়েছেন ইরানি কর্মকর্তারা। এমনকি ট্রাম্পের এমন মন্তব্যকে হেসে উড়িয়ে দিয়েছেন কর্মকর্তারা।
সেন্টার ফর মিডল ইস্ট স্ট্র্যাটেজিক স্টাডিজের সিনিয়র রিসার্চ ফেলো আব্বাস আসলানি আল জাজিরাকে জানিয়েছেন, ট্রাম্পের এসব দাবি খুব হাস্যকর এবং এগুলো শোনার পর তেহরানের পক্ষ থেকে চরমভাবে অস্বীকৃতি জানানো হয়েছে।
ইরান বর্তমানে পরিবর্তনের বদলে তাদের শাসনব্যবস্থার ধারাবাহিকতা বজায় রাখার উপরেই জোর দিচ্ছে বলে জানান তিনি।
ইরানি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে আসলানি আরও বলেন, নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের বিষয়টি পুরোপুরি অ্যাসেম্বলি অফ এক্সপার্টস (বিশেষজ্ঞ পরিষদ)-এর ওপর নির্ভর করছে। মার্কিন প্রেসিডেন্টের এসব প্রস্তাবকে গুরুত্বহীন মনে করে ইরানি কর্মকর্তারা বিদ্রূপ করছেন বলেও জানিয়েছেন তিনি।
তেহরানের বর্তমান পরিস্থিতি ব্যাখ্যা দিয়ে তিনি জানান, গত কয়েক দিনে কর্মকর্তাদের বক্তব্যে এক ধরনের আত্মবিশ্বাস লক্ষ্য করা যাচ্ছে। আমেরিকার সঙ্গে আলোচনার মাধ্যমে কোনো সমঝোতায় আসার বা বর্তমান অবস্থান বদলানোর কোনো সংকেত ইরান দিচ্ছে না বলে সকলের মনোভাব তুলে ধরেন তিনি।
/ইউএমএইচ