দেশের বিভিন্ন অঞ্চলে আগামী এক সপ্তাহ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
শনিবার (৭ মার্চ) আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের সই করা এক বিজ্ঞপ্তিতে এ পূর্বাভাস দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও এর আশপাশের এলাকায় অবস্থান করছে। পাশাপাশি মৌসুমি স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
এ অবস্থায় আজ সিলেট বিভাগের দু-একটি জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে দেশের অন্যান্য অঞ্চলে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এ ছাড়া আগামীকাল রোববার (৮ মার্চ) থেকে শুরু করে সপ্তাহজুড়ে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তবে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামী সপ্তাহের শুরুতে বজ্রসহ বৃষ্টির প্রবণতা কিছুটা কমে আসতে পারে।
তাপমাত্রা সম্পর্কে পূর্বাভাসে বলা হয়েছে, আজ সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আগামীকাল দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে এবং রাতের তাপমাত্রা বাড়তে পারে। সোমবার (৯ মার্চ) দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। মঙ্গলবার (১০ মার্চ) দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আর বুধবার (১১ মার্চ) দিন ও রাতের তাপমাত্রা প্রায় একই থাকতে পারে।
/ইউএমএইচ