চাঁদপুরে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও ভেজাল প্রতিরোধে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শনিবার (৭ মার্চ) দুপুরে চাঁদপুর শহরের বিভিন্ন মার্কেট ও হোটেলে এই অভিযান পরিচালনা করা হয়।
এ সময় পণ্যে অতিরিক্ত দাম নির্ধারণ এবং অপরিচ্ছন্ন থাকায় কয়েকটি দোকানকে আর্থিক জরিমানা করেছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর।
অভিযান পরিচালনা করেন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।
শহরের শহিদ মুক্তিযোদ্ধা সড়কে অবস্থিত বাঙালিয়ানা রেষ্টুরেন্টকে বাসি খাবার রাখার অভিযোগে ৫ হাজার টাকা এবং হকার্স মার্কেটের দুটি কসমেটিক দোকানের একটিতে ৫ হাজার, আরেকটিতে ২ হাজার টাকাসহ মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে পণ্যের মূল্যতালিকা প্রদর্শন, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও অতিরিক্ত দামে বিক্রির বিষয়গুলো খতিয়ে দেখা হয়।
আব্দুল্লাহ আল ইমরান জানান, জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয় এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীদের ভবিষ্যতে আইন মেনে ব্যবসা পরিচালনার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।
ঈদকে সামনে রেখে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সময়ের আলো/আরবিএন