মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আরও ১২টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
শনিবার (৭ মার্চ) ভোর থেকে বিকাল পর্যন্ত দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহা বিমানবন্দর বন্ধ থাকায় এসব ফ্লাইট বাতিল করা হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
বিমান বন্দরের সিভিল এভিয়েশন বিভাগের সংশ্লিষ্টরা জানান, বাতিল হওয়া ১২টি ফ্লাইটের মধ্যে সবগুলো মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা একটি অ্যারাইভাল এবং দুটি ডিপার্চার ফ্লাইট বাতিল করা হয়েছে। এয়ার অ্যারাবিয়ার মধ্যপ্রাচ্য থেকে আসা দুটি অ্যারাইভাল এবং দুটি ডিপার্চার ফ্লাইট বাতিল হয়েছে। ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা একটি অ্যারাইভাল এবং দুটি ডিপার্চার ফ্লাইট বাতিল হয়েছে। এছাড়া সালাম এয়ারের মধ্যপ্রাচ্য থেকে আসা একটি অ্যারাইভাল ও একটি ডিপার্চার ফ্লাইট বাতিল হয়েছে।
তবে শনিবার মাত্র কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইট চলাচল করেছে। এর মধ্যে সালাম এয়ারের একটি ফ্লাইট মাস্কাট থেকে শাহ আমানতে অবতরণ করেছে। নির্ধারিত সময় অবস্থান করে এটি মাস্কাটের উদ্দেশে শাহ আমানত বিমানবন্দর ছেড়ে গেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট মদিনা থেকে এবং আরেকটি ফ্লাইট মাস্কাট থেকে চট্টগ্রামে অবতরণ করে। নির্ধারিত সময় পর শাহ আমানত ত্যাগ করে দুটি ফ্লাইট।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, যুদ্ধ শুরুর পর এলোমেলো হওয়া ফ্লাইট সিউিউল এখনো স্বাভাবিক হয়নি। শনিবারও মোট ১২টি ফ্লাইট বাতিল করা হয়। গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুদ্ধ পরিস্থিতির কারণে মোট ৮০টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। তবে যুদ্ধ বন্ধ হলে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে।
সময়ের আলো/আআ