ইবি শিক্ষিকা হত্যার আসামি ২ শিক্ষক ও এক কর্মকর্তা বরখাস্ত

ইবি প্রতিনিধি

সারাদেশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের ঘটনায় বিভাগটির দুই শিক্ষক ও এক কর্মকর্তাকে

2026-03-07T19:38:10+00:00
2026-03-07T19:38:10+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
ইবি শিক্ষিকা হত্যার আসামি ২ শিক্ষক ও এক কর্মকর্তা বরখাস্ত
ইবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৭:৩৮ পিএম 
অভিযুক্ত আসামিরা। ছবি : সংগৃহীত
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের ঘটনায় বিভাগটির দুই শিক্ষক ও এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

একই সঙ্গে এ ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

শনিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে জারি করা পৃথক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশ সূত্রে জানা যায়, ফৌজদারি কার্যবিধির ১৫৪ ধারা অনুযায়ী থানায় প্রাপ্ত আমলযোগ্য অপরাধের প্রাথমিক তথ্যে নাম অন্তর্ভুক্ত থাকায় বিশ্ববিদ্যালয়ের চাকরি শৃঙ্খলা বিধির ১৫(খ) ধারা অনুযায়ী তিনজনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। 

তারা হলেন, উম্মুল মু’মিনীন আয়েশা সিদ্দিকা হলের সহকারী রেজিস্ট্রার ও হত্যা মামলার দুই নম্বর আসামি বিশ্বজিৎ কুমার বিশ্বাস, সমাজকল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক ও মামলার তিন নম্বর আসামি শ্যাম সুন্দর সরকার এবং একই বিভাগের সহকারী অধ্যাপক ও চার নম্বর আসামি হাবিবুর রহমান। বরখাস্তকালীন সময়ে তারা বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী জীবনধারণ ভাতা পাবেন।

এদিকে শিক্ষিকা আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

এতে হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমানকে আহ্বায়ক এবং উপ-রেজিস্ট্রার (শিক্ষা) গোলাম মওলাকে সদস্য-সচিব করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন, বাংলা বিভাগের অধ্যাপক রশিদুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ওবায়দুল ইসলাম এবং লালন শাহ হলের প্রভোস্ট অধ্যাপক গাজী আরিফুজ্জামান খান। কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে হত্যাকাণ্ডের সঠিক তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এদিকে হত্যাকাণ্ডে জড়িতদের আগামী ১৫ দিনের মধ্যে দ্রুত বিচার নিশ্চিত করাসহ পাঁচ দফা দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছেন সমাজকল্যাণ বিভাগের শিক্ষার্থীরা।

দাবিগুলো হলো, আসমা সাদিয়া রুনার পরিবারের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা, দ্রুত বিভাগের সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম চালু করা, বিভাগের প্রতিষ্ঠালগ্ন থেকে সব আর্থিক লেনদেনের পূর্ণাঙ্গ তদন্ত করে প্রতিবেদন প্রকাশ করা এবং আসমা সাদিয়া রুনার স্মৃতি স্মরণীয় রাখতে বিশ্ববিদ্যালয়ের কোনো গুরুত্বপূর্ণ স্থাপনার নামকরণ করা।

এছাড়া আগামীকাল সামাজিক বিজ্ঞান অনুষদের উদ্যোগে শিক্ষিকা আসমা সাদিয়া রুনার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, গত ৪ মার্চ অধ্যাপক আসমা সাদিয়া রুনা নিহত হন। 

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   ইসলামী  বিশ্ববিদ্যালয়  ইবি  আসমা  সাদিয়া  রুনা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: