সহজ শর্তে ঋণ না পাওয়া পাহাড়ে নারী উদ্যোক্তাদের বড় বাধা

খাগড়াছড়ি প্রতিনিধি

সারাদেশ

পাহাড়ের নারীরা নানা প্রতিকূলতাকে পিছনে ফেলে ধীরে ধীরে হয়ে উঠছেন উদ্যোক্তা। তবে আর্থিক পুঁজি সংকট এবং সহজ শর্তে ঋণ না

2026-03-07T19:44:29+00:00
2026-03-07T19:44:29+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
সহজ শর্তে ঋণ না পাওয়া পাহাড়ে নারী উদ্যোক্তাদের বড় বাধা
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৭:৪৪ পিএম 
নারী উদ্যোক্তা। ছবি : সময়ের আলো
পাহাড়ের নারীরা নানা প্রতিকূলতাকে পিছনে ফেলে ধীরে ধীরে হয়ে উঠছেন উদ্যোক্তা। তবে আর্থিক পুঁজি সংকট এবং সহজ শর্তে ঋণ না পাওয়ায় তাদের এই পথচলায় তৈরি হচ্ছে বড় বাধা। এদিকে তাদের উদ্যোগী কর্মকাণ্ডকে এগিয়ে নিতে বিভিন্ন প্রকল্পের আওতায় প্রণোদনা ও প্রশিক্ষণের মাধ্যমে সহযোগিতা করে যাচ্ছে খাগড়াছড়ি মহিলা বিষয়ক অধিদপ্তর।

খাগড়াছড়িতে অনেক নারী এখন নিজেকে স্বাবলম্বী করতে উদ্যোক্তা হওয়ার পথে হাঁটছেন। তবে তাদের এই পথচলা সহজ ছিল না। ভৌগোলিক দিক দিয়ে সমতলের তুলনায় পাহাড়ের পরিবেশ ভিন্ন হওয়ায় এখানকার নারীরা অধিক পরিশ্রমী। সকাল থেকে পুরুষের পাশাপাশি পাহাড়ি নারীরা ধান চাষ ও জুম চাষে কাজ করেন। অনেক নারী নিজ উদ্যোগে পাহাড়ে উৎপাদিত সবজি ভোরেই বাজারে নিয়ে এসে বিক্রি করেন। আবার অনেকেই পরিবারের আর্থিক সহায়তা দিতে পার্টটাইম চাকরিও করছেন।

তাদের মধ্যে অনেক নারী ভবিষ্যতে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেন। কিন্তু নানা বাধা ও প্রতিকূলতা পেরিয়ে উদ্যোক্তা হলেও এই যাত্রা তাদের জন্য সহজ নয়। সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হচ্ছে আর্থিক সংকট। ব্যাংক থেকে সহজ শর্তে ঋণ পাওয়া গেলে পাহাড়ে আরও অনেক নারী উদ্যোক্তা তৈরি হতো বলে মনে করেন তারা।

স্বপ্নচূড়া রেস্টুরেন্টে পার্টটাইম কাজ করা স্বপ্ন মুরমু ও গনরিকা ত্রিপুরা জানান, পারিবারিক আর্থিক সংকট ও পড়ালেখার খরচ মেটাতে তারা রেস্টুরেন্টে কাজ করছেন। ভবিষ্যতে নিজেরাও এমন একটি রেস্টুরেন্ট গড়ে তোলার স্বপ্ন দেখেন। এ জন্য পার্টটাইম চাকরি করে অভিজ্ঞতা অর্জন করছেন। 

তারা বলেন, ব্যাংক থেকে সহজ শর্তে ঋণ পাওয়ার সুযোগ থাকলে তাদের মতো অনেক স্বপ্নবাজ তরুণী এগিয়ে যেতে পারবে।

নারী উদ্যোক্তা নেইম্রা মারমা জানান, ২০১০ সালে মাত্র ১০ হাজার টাকা পুঁজি নিয়ে ছোট পরিসরে একটি রেস্টুরেন্ট চালু করেন তিনি। তখন দৈনিক ৫০০ থেকে ২ হাজার টাকা বিক্রি হতো। বর্তমানে তার রেস্টুরেন্টে প্রতিদিন প্রায় ২০ থেকে ২৫ হাজার টাকা বিক্রি হচ্ছে। ব্যবসার পরিধিও অনেক বেড়েছে। বর্তমানে তার প্রতিষ্ঠানে ৮ জন শিক্ষার্থী পার্টটাইম কাজ করছে। তবে শুরুতে অর্থ সংকটের কারণে তাকে বড় বাধার মুখে পড়তে হয়েছিল। ব্যাংক থেকে ঋণ নিতে গিয়ে নানা শর্ত পূরণ করতে না পারায় অনেক কষ্ট করে আজকের অবস্থানে পৌঁছাতে হয়েছে বলে জানান তিনি।

নারী উদ্যোক্তা লাকী চাকমা বলেন, পাহাড়ে তার মতো আরও অনেক নারী উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেন। কিন্তু সহজ শর্তে ঋণ না পাওয়ায় অনেকেই এগিয়ে যেতে পারেন না। সরকার যদি নারীদের জন্য সহজ শর্তে ঋণ ব্যবস্থার সুযোগ করে দেয়, তাহলে পাহাড়ে শত শত নতুন নারী উদ্যোক্তা তৈরি হবে।

খাগড়াছড়ি মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সুস্মিতা খীসা বলেন, নারীদের আত্মনির্ভরশীল ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে মহিলা বিষয়ক অধিদপ্তর প্রশিক্ষণের পাশাপাশি বিভিন্ন ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছে। এছাড়া আন্তর্জাতিক নারী দিবসে সম্মাননা ও ক্ষুদ্রঋণ প্রদান করা হয়, যাতে অন্য নারীরাও উৎসাহিত হয়ে এগিয়ে আসেন।

তিনি আরও মনে করেন, নারীদের আত্মনির্ভরশীল করতে জেলা প্রশাসন ও জেলা পরিষদ যদি আরও প্রকল্প ও প্রশিক্ষণের ব্যবস্থা নেয়, তাহলে পাহাড়ের নারীরা আরও স্বাবলম্বী হয়ে উঠতে পারবেন।

পাহাড়ের অদম্য নারী উদ্যোক্তারা মনে করেন, সরকারি প্রশিক্ষণ, প্রণোদনা এবং সহজ শর্তে ঋণ সুবিধা নিশ্চিত করা গেলে পাহাড়ে আরও শত শত নারী উদ্যোক্তা গড়ে উঠবে।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   পাহাড়  নারী  উদ্যোক্তা  আর্থিক  পুঁজি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: