ইরানি কুর্দিদের সীমান্ত পেরিয়ে দেশের অভ্যন্তরে স্থল অভিযান চালানোর ‘প্রবল’ সম্ভাবনা রয়েছে। ইরাকের উত্তরাঞ্চলীয় আধা স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলে আশ্রয় নেওয়া ইরানি কুর্দি জাতীয়তাবাদী গোষ্ঠীর এক নেতা এ কথা বলেছেন।
‘খাবাত অর্গানাইজেশন অব ইরানি কুর্দিস্তান’-এর সাধারণ সম্পাদক বাবাশেখ হোসেইনি গতকাল শুক্রবার আল–জাজিরাকে বলেন, ‘এ মুহূর্তে’ কোনো অভিযান চলছে না। তবে যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে যোগাযোগ করেছে। তারা স্থল সামরিক অভিযান চালানোর কথা বিবেচনা করছেন।
কুর্দি অঞ্চল থেকে হোসেইনি আল–জাজিরাকে বলেন, ‘আমরা দীর্ঘ সময় ধরে পরিকল্পনা করছি। এখন পরিস্থিতি আমাদের অনুকূলে। তাই অভিযানের জোরালো সম্ভাবনা রয়েছে।’
কুর্দি নেতা আরও যোগ করেন, ‘আমরা এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাইনি। তবে স্থল অভিযান নিয়ে এগিয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।’
বিদ্রোহী এই নেতা উপসংহারে বলেন, ‘মার্কিন নাগরিকেরা বিভিন্ন মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। এখন পর্যন্ত সরাসরি দেখা না হলেও তারা আমাদের সঙ্গে যোগাযোগ রেখেছে।’
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসন দ্বিতীয় সপ্তাহে পা দেওয়ার সঙ্গে ইরানের ইসলামি রেভোল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) আজ শনিবার জানিয়েছে, তারা কুর্দি অঞ্চলের ‘বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে’ নিশানা করেছে।
তাসনিম নিউজ এজেন্সির বরাতে আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, ‘আজ সকালে ইরাকি (কুর্দিস্তান) অঞ্চলের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর তিনটি অবস্থানে আঘাত হানা হয়েছে। যদি এই অঞ্চলের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো ইরানের আঞ্চলিক অখণ্ডতার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়, তবে আমরা তাদের গুঁড়িয়ে দেব।’
বিদ্রোহী কুর্দিরা সীমান্ত পেরিয়ে ইরানে প্রবেশের চেষ্টা করতে পারে—এমন খবরের ভিত্তিতে গতকাল ইরাক সরকার ও কুর্দি আঞ্চলিক সরকার জানিয়ে দিয়েছে, প্রতিবেশীদের ওপর হামলার জন্য ইরাকের ভূখণ্ড ব্যবহার করা যাবে না। এর কয়েক ঘণ্টা পরই আইআরজিসি এ হামলা চালায়।
সময়ের আলো/এআর