রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় পিকআপ চাপায় মোটরসাইকেল চালক আরাফাত (১৯) নামে এক যুবক মারা গেছে। এই ঘটনায় আরোহী ফারহানুল ইসলাম মাসুম (২০) গুরুতর আহত হয়েছে।
শনিবার রাত সাড়ে ১০টার দিকে মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলে মারা যান আরাফাত। আহত অবস্থায় মাসুম ঢাকা মেডিকেলে ভর্তি আছেন।
যাত্রাবাড়ি থানার উপ পরিদর্শক (এসআই) মাজহারুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে আরাফাত ও মাসুম মোটরসাইকেল যোগে ডেমড়া থেকে যাত্রাবাড়ীর দিকে যাচ্ছিল। মোটরসাইকেল চালাচ্ছিল আরাফাত। মাহবুবুর রহমান কলেজের সামনে আসলে মোটরসাইকেলটি বাহাদুরশাহ বাসের সঙ্গে ধাক্কা লেগে পিকআপের নিচে চলে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় আরাফাত। মাসুম নামে একজন আহত হয়েছে। তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।
তিনি আরও জানান, ঘটনার পর সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে পিকআপ ও বাসটি জব্দ করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে আরাফাতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে নিহত আরাফাতের বাবা রুহুল আমিন জানান, তাদের বাড়ি মুন্সিগঞ্জ সদর উপজেলার ছোট মোল্লাকানাদি গ্রামে। বর্তমানে ডেমরা বাশেরপুল এলাকায় ভাড়া থাকেন। আরাফাত ও মাসুম গুলিস্তান হলমার্কেটের একটি দোকানে কাজ করতো। রাতে মাসুমের মোটরসাইকেল নিয়ে দুজন বের হয়েছিল। এরপর দুর্ঘটনায় আরাফাত মারা যায়।
/এমএইচআর