ঝিনাইদহে তেল নিতে এসে বাক-বিতণ্ডার জেরে পেট্রোল পাম্পের কর্মীদের পিটুনিতে যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় পাম্পের তিন কর্মীকে আটক করেছে পুলিশ। এ ছাড়া ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।
শনিবার (৭ মার্চ) রাত সাড়ে ৭টার দিকে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার তাজ ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম নীরব হোসেন। তিনি কালীগঞ্জ উপজেলার বারোবাজার বাদুরগাছি গ্রামের আলিমুর বিশ্বাসের ছেলে।
স্থানীয়রা জানায়, শনিবার রাতে বোতলে করে তেল নিতে আসেন যুবক নীরব হোসেন। এ সময় পাম্পের কর্মচারীরা তেল দিতে অপারগতা প্রকাশ করে। এ সময় চলে গেলেও কিছুক্ষণ পরে ফের তাজ ফিলিং স্টেশনে আসেন নীরব। এ সময় অন্য এক ব্যক্তিকে বোতলে তেল দিতে দেখে প্রতিবাদ করেন তিনি। এ সময় পাম্পের কর্মচারীরা লাঠি দিয়ে নীরবকে পিটিয়ে গুরুতর আহত করে। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নীরবকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পাম্পের ৩ কর্মচারীকে আটক করেছে র্যাব।
এদিকে পাম্প কর্মীদের হামলায় যুবক নিহতের খবরে পড়লে শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে তাজ ফিলিং স্টেশনের মালিকানাধীন আরেকটি পাম্পে উত্তেজিত জনতা ভাঙচুর চালায়।
নিহত নীরব হোসেনের খালাতো ভাই সোহেল বলেন, আমার ভাই সাদাসিধে মানুষ। মোটরসাইকেলের তেল নিতে গিয়ে পাম্পের কর্মীদের সঙ্গে তার সামান্য কথা কাটাকাটি হয়। কিন্তু কর্মীরা সন্ত্রাসী কায়দায় লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে ভাইকে খুন করেছে। আমি হত্যাকাণ্ডের বিচার চাই।
ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ হোসেন বলেন, নীরব নামে এক যুবক পাম্পে তেল নিতে আসে। এ সময় পাম্পের কর্মীরা বাকবিতণ্ডার জেরে ওই যুবককে পিটিয়ে আহত করে। পরে ওই যুবককে হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। এ ঘটনায় পাম্পের তিন কর্মীকে আটক করা হয়েছে। পাম্পে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।