নোয়াখালী জেলা শহর মাইজদীতে রোগী সেজে ডাক্তার দেখানোর ছদ্মবেশে ইয়াবা বিক্রির সময় পান্না আক্তার (৪০) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তার কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ও মাদক ব্যবসায় ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
রোববার (৮ মার্চ) বিষয়টি নিশ্চিত করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক সুব্রত সরকার শুভ।
এর আগে, গতকাল শনিবার রাত ৯টার দিকে জেলা শহরের হাসপাতাল রোডের মেট্রো হাসপাতালের সামনে থেকে ইয়াবা বিক্রির সময় তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার পান্না জেলার সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের রসুলপুর গ্রামের হাজী বাড়ি এলাকার মৃত আব্দুল গফুরের মেয়ে।
অভিযান সূত্রে জানা যায়, মাইজদী শহরের হাসপাতাল রোড এলাকায় ইয়াবা কেনা-বেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল সেখানে অবস্থান নেয়। এ সময় রোগী সেজে চিকিৎসক দেখানোর ছদ্মবেশে পান্না নামের নারী বেসরকারি মেট্রো হাসপাতালের ভিতরে অবস্থান করছিল। ক্রেতা এলে হাসপাতালের বাইরে এসে মাদক দিয়ে আবার ভিতরে ঢুকে যায়। অভিযানরত জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা তাকে ধরার জন্য ক্রেতা সেজে মাদক কেনার টোপ ফেলে তাকে হাসপাতালের বাইরে এনে তল্লাশি করে ইয়াবা জব্দ ও তাকে গ্রেফতার করে।
নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিচালক সুব্রত সরকার শুভ বলেন, রোগীর ছদ্মবেশে ওই নারী হাসপাতাল রোডের বিভিন্ন বেসরকারি হাসপাতালে সামনে মাদকের কারবার চালিয়ে আসছিলেন এমন তথ্য আমাদের কাছে আসার পর তাকে মাদকসহ ধরতে অভিনব কৌশল অবলম্বন করতে হয়। কৌশলে আমরা ক্রেতা সেজে মাদক কেনার জন্য টোপে ফেলে গ্রেফতার করি। এ ঘটনায় সুধারাম মডেল থানায় মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মামলা সম্পন্ন হওয়ার পর তাকে পুলিশে সোপর্দ করা হবে।
সময়ের আলো/জোই