জাহাজবাড়িতে জঙ্গি সাজিয়ে ৯ হত্যা, অভিযোগ গঠনের শুনানি ৬ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর মিরপুরের কল্যাণপুর এলাকায় জাহাজবাড়ি নামে পরিচিত স্থানে কথিত জঙ্গি অভিযান পরিচালনার সময় ৯ তরুণকে হত্যার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী

2026-03-08T15:52:44+00:00
2026-03-08T15:52:44+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
জাতীয়
জাহাজবাড়িতে জঙ্গি সাজিয়ে ৯ হত্যা, অভিযোগ গঠনের শুনানি ৬ এপ্রিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৮ মার্চ, ২০২৬, ৩:৫২ পিএম 
শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল। সংগৃহীত ছবি
রাজধানীর মিরপুরের কল্যাণপুর এলাকায় জাহাজবাড়ি নামে পরিচিত স্থানে কথিত জঙ্গি অভিযান পরিচালনার সময় ৯ তরুণকে হত্যার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য আগামী ৬ এপ্রিল দিন নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রোববার (৮ মার্চ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত তিন সদস্যের বেঞ্চ এই তারিখ নির্ধারণ করেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

মামলায় রাষ্ট্রপক্ষের হয়ে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তিনি আদালতের কাছে পলাতক ছয় আসামির পক্ষে রাষ্ট্রীয় আইনজীবী (স্টেট ডিফেন্স) নিয়োগের আবেদন জানান এবং আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য সময় প্রার্থনা করেন। পরে ট্রাইব্যুনাল আগামী ৬ এপ্রিল শুনানির তারিখ ধার্য করেন।

এর আগে, গত ২২ ফেব্রুয়ারি আদালত পলাতক আসামিদের হাজির হওয়ার জন্য দুটি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন। সেই নির্দেশনার পরিপ্রেক্ষিতে আজ তাদের আদালতে উপস্থিত হওয়ার কথা ছিল।


মামলায় বর্তমানে গ্রেফতার আছেন দুজন আসামি—সাবেক আইজিপি একেএম শহিদুল হক এবং ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার মো. আসাদুজ্জামান মিয়া। অন্যদিকে, শেখ হাসিনা ছাড়াও আরও ছয়জন আসামি পলাতক রয়েছেন। তারা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ডিএমপির তৎকালীন অতিরিক্ত কমিশনার শেখ মুহম্মদ মারুফ হাসান, কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের তৎকালীন প্রধান মনিরুল ইসলাম, ডিএমপির তৎকালীন যুগ্ম কমিশনার (ক্রাইম) কৃষ্ণ পদ রায় এবং ডিবির তৎকালীন যুগ্ম কমিশনার আব্দুল বাতেন।

এর আগে, গত ২৯ জানুয়ারি ট্রাইব্যুনাল রাষ্ট্রপক্ষের দাখিল করা আট আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গ্রহণ করেন এবং একইসঙ্গে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করেন। 

রাষ্ট্রপক্ষের অভিযোগ অনুযায়ী, ২০১৬ সালের ২৫ জুলাই রাতে রাজধানীর কল্যাণপুরের জাহাজবাড়ি নামে পরিচিত একটি ভবনে কথিত জঙ্গি আস্তানায় পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট অভিযান চালায়। ‘অপারেশন স্টর্ম-২৬’ নামে পরিচালিত সেই অভিযানে গুলি করে ৯ তরুণকে হত্যা করা হয়। এই ঘটনাকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে উল্লেখ করে সংশ্লিষ্ট আটজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়েছে।


/ইউএমএইচ


  বিষয়:   জাহাজবাড়ি  জঙ্গি  শুনানি 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: