মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় শ্রী শ্রী গৌড় নিতাই মন্দির প্রাঙ্গণে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ভক্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হলো ৫৬ প্রহরব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম মহাযজ্ঞ।
উপজেলার সন্তোষপাড়া গ্রামে অবস্থিত মন্দির প্রাঙ্গণে গত ১০ ফেব্রুয়ারি শুরু হওয়া এই মহাযজ্ঞ আজ রোববার (৮ মার্চ) সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হলো। আগামীকাল দ্বিপ্রহরে মহাপ্রভুর ভোগরাগ ও মহাপ্রসাদ বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে।
সরেজমিনে দেখা গেছে, কয়েকদিন ধরে দিন-রাত অবিরাম মহানাম সংকীর্তনে মুখর ছিল পুরো মন্দির প্রাঙ্গণ। দেশের বিভিন্ন এলাকা থেকে আগত ভক্তবৃন্দ ও কীর্তন দল অংশ নেন এই ধর্মীয় আয়োজনে। ভক্তদের বিশ্বাস, এই মহানাম যজ্ঞের মাধ্যমে মানবকল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।
রোববার সমাপনী দিনে মন্দির প্রাঙ্গণে ভক্তদের ঢল নামে। নামসংকীর্তন, পূজা-অর্চনা এবং প্রসাদ বিতরণের মধ্য দিয়ে সম্পন্ন হয় অনুষ্ঠানের শেষ দিনের কর্মসূচি।
আয়োজকরা জানান, প্রতিবছরের মতো এবারও ধর্মীয় ঐতিহ্য ধরে রাখতে এবং সমাজে শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে এই মহানাম যজ্ঞের আয়োজন করা হয়েছে।
মন্দির কমিটির সাধারণ সম্পাদক জয়ন্ত ঘোষ বলেন, ৫৬ প্রহরব্যাপী শ্রী শ্রী তারক ব্রহ্ম মহানাম যজ্ঞে দেশের বিভিন্ন এলাকা থেকে ভক্তরা অংশ নিয়েছেন। বিশ্বশান্তি ও মানবকল্যাণের উদ্দেশ্যে এই আয়োজন করা হয়েছে। সবার সহযোগিতায় সুন্দরভাবে অনুষ্ঠানটি সম্পন্ন হওয়ায় আমরা খুবই আনন্দিত।
যজ্ঞ উদযাপন কমিটির সাধারণ সম্পাদক তাপশ বিশ্বাস বলেন, গত কয়েকদিন ধরে আমরা নিরবচ্ছিন্নভাবে মহানাম সংকীর্তন করেছি। ভক্তদের উপস্থিতি ও আন্তরিকতায় পুরো পরিবেশ ভক্তিময় হয়ে উঠেছিল। এমন আধ্যাত্মিক অনুষ্ঠানে কাজ করতে পেরে পেরে আমরা নিজেদের ধন্য মনে করছি।
মন্দির কমিটির সহ-সভাপতি উত্তম কুমার ঘোষ বলেন, এই মহানাম যজ্ঞ আমাদের জন্য অনেক আনন্দের। দিনরাত নামসংকীর্তনে পুরো এলাকা মুখর ছিল। আমরা চাই প্রতিবছর যেন এভাবে এই ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করা হয়।
মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ বলেন, সন্তোষপাড়া গ্রামে ৫৬ প্রহরব্যাপী এই মহানাম যজ্ঞ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এমন আয়োজন মানুষের মধ্যে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এফআর