১৫ মার্চের মধ্যে মাসিক ভাতা পাবেন নির্বাচিত মসজিদের ইমাম-মুয়াজ্জিনরা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

১৫ মার্চের মধ্যে মাসিক ভাতা পাবেন নির্বাচিত মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও খাদেমরা। নির্বাচিত অন্যান্য উপাসনালয়ে কর্মরত ধর্মীয় গুরুরাও পাবেন এই মাসিক

2026-03-08T23:10:11+00:00
2026-03-08T23:10:11+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
জাতীয়
১৫ মার্চের মধ্যে মাসিক ভাতা পাবেন নির্বাচিত মসজিদের ইমাম-মুয়াজ্জিনরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৮ মার্চ, ২০২৬, ১১:১০ পিএম 
সংগৃহীত ছবি
১৫ মার্চের মধ্যে মাসিক ভাতা পাবেন নির্বাচিত মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও খাদেমরা। নির্বাচিত অন্যান্য উপাসনালয়ে কর্মরত ধর্মীয় গুরুরাও পাবেন এই মাসিক সম্মানি। আসছে ১৪ মার্চ এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

রোববার (৮ মার্চ) সচিবালয়ে ধর্মমন্ত্রীর দফতরে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও অন্যান্য উপাসনালয়ে কর্মরত ব্যক্তিবর্গের সম্মানি ও প্রশিক্ষণভিত্তিক কল্যাণ ব্যবস্থা চালুর বিষয়ে গঠিত সেলের সভাশেষে সাংবাদিক ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।  

সেলের সভাপতি ও  প্রধানমন্ত্রীর জনপ্রশাসন মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ ব্রিফ করেন।

এ সময় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ), পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি, ধর্ম সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, অর্থসচিব খায়রুজ্জামান মজুমদারসহ সেলের সদস্যরা উপস্থিত ছিলেন। 

উপদেষ্টা বলেন, বিএনপির নির্বাচনি ইশতেহারে প্রধান প্রতিশ্রুতি হিসেবে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি সুদৃঢ় করতে সব ধর্মের উপাসনালয়ের ধর্মীয় নেতৃবৃন্দের জন্য সম্মানি ও প্রশিক্ষণভিত্তিক কল্যাণ ব্যবস্থা চালু করার বিষয়টি ঘোষণা করা হয়। 

সরকারের এ নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ঈদুল ফিতরের পুর্বেই মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও অন্যান্য উপাসনালয়ে কর্মরত ব্যক্তিবর্গের জন্য মাসিক সম্মানি প্রদানের বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।


তিনি আরো বলেন, প্রথম পর্যায়ে পাইলট স্কীমের আওতায় প্রতিটি ইউনিয়ন ও পৌরসভা হতে একটি করে মোট ৪,৯০৮ টি মসজিদ নির্বাচন করা হয়েছে। প্রতিটি উপজেলা হতে ০২টি করে মোট ৯৯০টি মন্দির, বৌদ্ধ বিহার রয়েছে এমন ৭২টি উপজেলার প্রতিটি হতে দুইটি করে মোট ১৪৪ টি বৌদ্ধ বিহার নির্বাচন করা হয়েছে। এছাড়া, গির্জা আছে এরূপ ১৯৮টি উপজেলার প্রতিটি হতে দুইটি করে মোট ৩৯৬ গির্জা নির্বাচন করা হয়েছে। 

উপদেষ্টা জানান, এ পাইলট স্কীমের আওতায় নির্বাচিত মসজিদের ইমামকে পাঁচ হাজার, মুয়াজ্জিনকে তিন হাজার ও খাদেমকে দুই হাজার টাকা মাসিক সম্মানি দেওয়া হবে। নির্বাচিত মন্দিরের পুরোহিত পাঁচ হাজার ও সেবাইত তিন হাজার টাকা করে সম্মানি পাবেন। 

বৌদ্ধ বিহারের অধ্যক্ষ পাঁচ হাজার ও উপাধ্যক্ষ তিন হাজার এবং গির্জার পালক বা যাজক পাঁচ হাজার ও সহকারী পালক বা যাজককে তিন হাজার টাকা সম্মানি দেওয়া হবে। 

এছাড়া, প্রতিবছর ঈদুল ফিতর ও ঈদুল আজহাতে সংশ্লিষ্ট ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে এক হাজার টাকা করে উৎসব ভাতা প্রদান করা হবে। অন্যান্য ধর্মের নির্বাচিত উপাসনালয়ের ব্যক্তিরা তাদের প্রধান একটি ধর্মীয় উৎসবে দুই হাজার করে উৎসব ভাতা পাবেন বলে জানান তিনি। 

মসজিদ ও অন্যান্য উপাসনালয়ে কর্মরত ব্যক্তিবর্গের জন্য স্থায়ীভাবে মাসিক সম্মানি প্রদানের লক্ষ্যে একটি নীতিমালা প্রণয়নের জন্য ধর্ম সচিবকে আহ্বায়ক করে ছয় সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের মাধ্যমে উপাসনালয়ে কর্মরত ব্যক্তিবর্গের খন্ডকালীন বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে একটি কর্মপরিকল্পনা তৈরি করবে। 

এছাড়া, মসজিদ ও  অন্যান্য ধর্মীয় উপাসনালয় প্রধানদেট সামাজিক ও রাষ্ট্রীয় মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় প্রশাসনের মাধ্যমে উদ্যোগ গ্রহণ করা হবে জানান প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা।

সময়ের আলো/এআর


  বিষয়:   মাসিক  ভাতা  নির্বাচিত  মসজিদ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: