চার বোতল বিদেশি মদ নিজের হেফাজতে রাখার অভিযোগে করা মামলায় কণ্ঠশিল্পী আসিফ আকবরকে খালাস দিয়েছেন আদালত।
সোমবার (৯ মার্চ) ঢাকার ২য় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক আয়েশা আক্তার মৌসুমি আসামি আসিফের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দিয়ে এ রায় ঘোষণা করেন।
আসামি পক্ষের আইনজীবী মিছিল বঙ্গবাসী ও প্রদীপ কুমার দেবনাথ এ তথ্য নিশ্চিত করেন। রায় ঘোষণার সময় আসিফ আকবর আদালতে হাজির ছিলেন। রায়ের প্রতিক্রিয়ায় আসিফ আকবর ন্যায়বিচার পেয়েছেন বলে গণমাধ্যমকে জানান। এর আগে, গত ৩ মার্চ আদালত মামলাটির সাক্ষ্যগ্রহণ শেষ করে যুক্তিতর্ক উপস্থাপন ও রায় ঘোষণার জন্য দিন নির্ধারণ করেন।
আরও পড়ুন
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৮ সালের ৬ জুন তেজগাঁও থানার অন্তর্ভুক্ত পান্থপথের আর্ব এন্টারটেইনমেন্টের অফিস থেকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের একটি মামলায় কণ্ঠশিল্পী আসিফ আকবরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় আসিফ আকবরের অফিস কক্ষে চার বোতল অবৈধ টাকিলা মদ পাওয়া যায়। মদ পাওয়ার পর তা পরীক্ষা- নিরীক্ষার জন্য মাদকদ্রব্য অধিদফতরে পাঠানো হয়।
লাইসেন্স ব্যতীত বিদেশি মদ নিজের দখলে রাখার অভিযোগে ২০১৯ সালের ২৩ জুলাই সিআইডি পুলিশের সাইবার তদন্ত শাখার এসআই প্রশান্ত কুমার সিকদার রাজধানীর তেজগাঁও থানায় মামলাটি দায়ের করেন।
পরবর্তীতে মামলাটি তদন্ত শেষে ২০১৯ সালের ১৩ অক্টোবর তদন্তকারী কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এসআই মো. জামাল উদ্দিন তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। এরপর ২০২৪ সালের ২৫ নভেম্বর তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। মামলাটিতে তিন জনের সাক্ষ্য গ্রহণ শেষ করেছেন আদালত।
এএডি/