গাজীপুরে সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতাল ভাঙচুর

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

সারাদেশ

গাজীপুরের শ্রীপুর উপজেলায় একটি বেসরকারি হাসপাতালে সিজারিয়ান অপারেশনের পর রুমা (২৫) নামে এক প্রসূতি নারী মৃত্যু হয়েছে। ভুল চিকিৎসায় ওই

2026-03-09T16:02:05+00:00
2026-03-09T16:02:05+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
গাজীপুরে সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতাল ভাঙচুর
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৪:০২ পিএম 
লাইফ কেয়ার হাসপাতাল। ছবি : সময়ের আলো
গাজীপুরের শ্রীপুর উপজেলায় একটি বেসরকারি হাসপাতালে সিজারিয়ান অপারেশনের পর রুমা (২৫) নামে এক প্রসূতি নারী মৃত্যু হয়েছে। ভুল চিকিৎসায় ওই প্রসূতি নারী মৃত্যু হয়েছে বলে দাবি স্বজনদের। এমনকি এ ঘটনার পর হাসপাতালের চিকিৎসক ও কর্তৃপক্ষ পালিয়ে গেছেন বলে জানিয়েছেন তারা।

এদিকে, এসব ঘটনায় ক্ষুব্ধ স্বজনরা হাসপাতালে ভাঙচুর চালালে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়।

সোমবার (৯ মার্চ) ভোরে উপজেলার মাওনা চৌরাস্তা এলাকায় অবস্থিত লাইফ কেয়ার হাসপাতালে এ ঘটনা ঘটে।

নিহত রুমা উপজেলার উজিলাব গ্রামের মো. মানিক মিয়ার স্ত্রী। তিনি হেরা পটকা গ্রামের আব্দুর রশিদ ও সালেহা বেগমের মেয়ে।

স্বজনদের দাবি, গত ৮ মার্চ সকালে প্রসব বেদনা নিয়ে রুমাকে লাইফ কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে দুপুর ১২টার দিকে তার সিজারিয়ান অপারেশন করা হয়। অপারেশনের মাধ্যমে তিনি একটি ছেলে সন্তানের জন্ম দেন। অপারেশনের পর কিছু সময় পর্যন্ত রুমার শারীরিক অবস্থা স্বাভাবিক ছিল। তবে সোমবার ভোর ৫টার দিকে তাকে মৃত অবস্থায় দেখতে পান স্বজনরা।

স্বজনদের অভিযোগ, রুমার মৃত্যুর বিষয়টি গোপন রেখে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর প্রস্তুতি নেয় হাসপাতাল কর্তৃপক্ষ। ঢাকায় নেওয়ার পথে তারা বুঝতে পারেন, রুমা আগেই মারা গেছেন। পরে হাসপাতালে ফিরে এলে দায়িত্বরত চিকিৎসকসহ সংশ্লিষ্টরা সেখান থেকে সরে পড়েন।

এ ঘটনায় ক্ষুব্ধ স্বজনরা চিকিৎসায় অবহেলা ও দায়িত্বহীনতার অভিযোগ তুলে হাসপাতাল ভবনে ভাঙচুর চালান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


নিহতের স্বামী মো. মানিক মিয়া বলেন, আমার স্ত্রীকে ভুল চিকিৎসা দিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার পর হাসপাতালের চিকিৎসক ও কর্তৃপক্ষ পালিয়ে গেছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

স্থানীয়রা জানান, ঘটনার পর থেকে হাসপাতালটি কার্যত বন্ধ রয়েছে এবং সংশ্লিষ্টরা পলাতক।

এ বিষয়ে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। চিকিৎসায় কোনো ধরনের অবহেলা বা অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, ঘটনাটি স্পর্শকাতর। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এফআর 



  বিষয়:   শ্রীপুর  গাজীপুর  সিজার  প্রসূতি  মৃত্যু  হাসপাতাল  ভাঙচুর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: