বাবরকে বাদ দেওয়ার কারণ জানালেন আফ্রিদি

সময়ের আলো ডেস্ক

খেলা

টি-টোয়েন্টিতে ছন্দে না থাকলেও ওয়ানডেতে ভালো করায় সাবেক অধিনায়ক বাবর আজমকে নিয়েই বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান, এমন সম্ভাবনা ছিল।কিন্তু বাবরকে

2026-03-10T21:35:52+00:00
2026-03-10T21:35:52+00:00
 
  সোমবার, ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
খেলা
বাবরকে বাদ দেওয়ার কারণ জানালেন আফ্রিদি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৯:৩৫ পিএম 
পুরনো ছবি
টি-টোয়েন্টিতে ছন্দে না থাকলেও ওয়ানডেতে ভালো করায় সাবেক অধিনায়ক বাবর আজমকে নিয়েই বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান, এমন সম্ভাবনা ছিল। কিন্তু বাবরকে বাদ দিয়ে ঢাকায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে এসেছে পাকিস্তান দল। এতে অনেকেই বিস্মিত।

তবে পাকিস্তানের ওয়ানডে অধিনায়ক শাহীন শাহ আফ্রিদির দাবি, বাবরকে বাংলাদেশের বিপক্ষে সিরিজ থেকে বাদ দেওয়া হয়নি; বরং বিশ্রামে রাখা হয়েছে।

সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপটা মোটেও ভালো কাটেনি বাবর আজমের। ৪ ইনিংসে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে করেছেন ৯১ রান। গড় ২২.৭৫, স্ট্রাইক রেট ১১২.৩৪। তবে ওয়ানডে সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে ছিলেন বাবর। এই সংস্করণে সর্বশেষ তিন ম্যাচে একটি সেঞ্চুরিও আছে। 

মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে আগামীকাল শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজ। প্রথম ম্যাচ সামনে রেখে আজ সংবাদ সম্মেলনে আফ্রিদি বাবরকে নিয়ে বলেছেন, ‘দেখুন, কেউ এই সিরিজ থেকে বাদ পড়েনি। আমরা কেবল তরুণদের সুযোগ করে দিতে চেয়েছি, তারা আমাদের ভবিষ্যৎও। আমরা বাংলাদেশ সিরিজে তাদের সুযোগ করে দিতে চাই। তারা তাদের ভূমিকা সম্পর্কে জানবে, ভবিষ্যতে কী করতে হবে, সেটাও। আমাদের তো দলকে বিশ্বকাপের জন্য তৈরি করতে হবে।’

বাবরের পাশাপাশি অভিজ্ঞ ফখর জামান ও সাইম আইয়ুবকেও বাংলাদেশ সফরের দলে রাখেনি পাকিস্তান। দলটি তাই আগামীকাল নতুন একটা অভিজ্ঞতার সাক্ষী হবে। 

বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে পাকিস্তানের প্রথম তিন ব্যাটারেরই অভিষেক হবে। শাহিবজাদা ফারহান-মাজ সাদাকাতের উদ্বোধনী জুটির পর তিনে নামবেন শামিল হুসেন। 

অবশ্য এমন পরিস্থিতি যে হবে, তা আঁচ করা যাচ্ছিল দল ঘোষণার পর থেকেই। এই সিরিজের জন্য পাকিস্তান দলে ওয়ানডে অভিষেক হয়নি, এমন খেলোয়াড় ছয়জন। এর মধ্যে চারজন কখনো আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি।

ওয়ানডেতে গত বছরটা খুব একটা ভালো যায়নি বাংলাদেশের। শ্রীলঙ্কার কাছে সিরিজ হারের পর ধবলধোলাই হয়েছে আফগানিস্তানের বিপক্ষে। তবে ঘরের মাঠে সর্বশেষ ওয়ানডে সিরিজে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। 

অন্যদিকে সর্বশেষ দুই সিরিজে দক্ষিণ আফ্রিকা আর শ্রীলঙ্কাকে হারিয়েছে পাকিস্তান। শ্রীলঙ্কাকে তো ধবলধোলাই করেছে।

এসব প্রসঙ্গ এসেছে আফ্রিদির কথাতেও, ‘বাংলাদেশ ঘরের মাঠে ভালো দল। তারা ভালো ক্রিকেট খেলেছে, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে। দল হিসেবে আমরাও প্রস্তুত। সর্বশেষ দুটি সিরিজ দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার বিপক্ষে ভালো খেলেছি। সেই ছন্দ ধরে রাখতে হবে।’

/এমএইচআর 
  বিষয়:   আফ্রিদি  বাবর আজম 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: