বিএনপিকে উদ্দেশ্য করে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস বলেছেন, নির্বাচনে আপনারা জয়ী হয়ে সরকার গঠন করেছেন। সরকার পরিচালনায় ব্যস্ত সময় পাড় করছেন হয়তো। তবে পরামর্শ দেব, দল পরিচালনায় মনোযোগী হন। আপনাদের দলের নেতাকর্মীরা যদি ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীদের মতো আচরণ করে তাহলে জনতা পুনরায় রুখে দাঁড়াবে। তাই বলব, নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করুন।
তিনি বলেন, তাদেরকে জবাবদিহিতার মধ্যে আনুন। দ্রুত তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিন। নির্দিষ্ট কাজ দিন। এরা যদি পুরোনো ধারার রাজনীতি করে তাহলে রাজনৈতিক সৌহার্দ্য নষ্টের দায় বিএনপিকেই নিতে হবে।
মঙ্গলবার (১০ মার্চ) দলটির কেন্দ্রীয় কমিটির নিয়মিত বৈঠকে বিএনপির শীর্ষ নেতাদের প্রতি এ আহ্বান জানান তিনি।
ইসলামী আন্দোলন মহাসচিব বলেন, বিএনপি সরকার গঠনের পর থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদের ওপরে বিএনপি নামধারী মাস্তানদের হামলা এমনকি খুনের মতো ঘটনাও ঘটেছে। শুধু ইসলামী আন্দোলন-ই নয় বরং অন্যান্য রাজনৈতিক সংগঠনের ওপরে বিএনপির পদধারীরা নানামাত্রায় সহিংসতা করেছে। এসব ঘটনায় আমরা বিস্মিত হয়েছি ও ক্ষুদ্ধ হয়েছি। বিশেষ করে পটুয়াখালীর কলাপাড়ায় আমাদের এক কর্মীকে পিটিয়ে হত্যা করার মতো বর্বরতা করেছে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সভাপতি।
তিনি আরও বলেন, সোমবার বরিশালের বাকেরগঞ্জের নিয়ামতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমাউন কবীরের ওপরে মিথ্যা অপবাদ দিয়ে হামলা করেছে সেই ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদকসহ পদধারী নেতারা। এসব ঘটনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছে।
এদিন নিয়মিত বৈঠকে উপস্থিত ছিলেন-দলের যুগ্মমহাসচিব অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব কেএম আতিকুর রহমান, আতিকুর রহমান মুজাহিদ, শেখ মুহাম্মাদ নুরুন্নাবী, মুফতি মানসুর আহমাদ সাকী ও মাওলানা খলিলুর রহমান।
সময়ের আলো/এনএ