জুলাই সনদ নিয়ে উত্তপ্ত হতে পারে সংসদ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বহুল কাঙ্ক্ষিতজাতীয় নির্বাচনের পর ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে বৃহস্পতিবার বেলা ১১টায়।স্পিকার-ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে কার্যপ্রণালি বিধি

2026-03-11T03:29:20+00:00
2026-03-11T03:29:20+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
জাতীয়
জুলাই সনদ নিয়ে উত্তপ্ত হতে পারে সংসদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৩:২৯ এএম 
সংগৃহীত ছবি
গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বহুল কাঙ্ক্ষিত জাতীয় নির্বাচনের পর ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে বৃহস্পতিবার বেলা ১১টায়। 

স্পিকার-ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে কার্যপ্রণালি বিধি অনুযায়ী বর্ষীয়ান রাজনীতিবিদ বিএনপি দলীয় সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে অধিবেশন শুরুর কথা রয়েছে। তার সভাপতিত্বেই নতুন সংসদের স্পিকার নির্বাচন করা হবে। স্পিকার ও ডেপুটি স্পিকার মনোনয়নের জন্য বুধবার বিএনপি দলীয় দলের বৈঠক আহ্বান করা হয়েছে। সংসদের প্রথম অধিবেশন হওয়ায় সাংবিধানিক বাধ্যবাধকতা মেনে উদ্বোধনী ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। 

সংশ্লিষ্টরা বলছেন, জুলাই জাতীয় সদন ও সংবিধান সংস্কার পরিষদ নিয়ে প্রথম অধিবেশন উত্তপ্ত হতে পারে। এ ছাড়া এই অধিবেশনে সংসদীয় কমিটিগুলো গঠন করা হবে। অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশের ভাগ্যও এই অধিবেশনে নির্ধারিত হবে। কারণ সংবিধান অনুযায়ী সংসদের প্রথম অধিবেশন বসার ৩০ কার্যদিবসের মধ্যে অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তরের বাধ্যবাধকতা রয়েছে। তা না হলে এগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে বিএনপি সরকার সব অধ্যাদেশ সংসদে অনুমোদন না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

সংসদ সচিবালয়ের কর্মকর্তারা জানান, এবারের সংসদ ব্যতিক্রম। জুলাই জাতীয় সনদের বাস্তবায়নসহ অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিষ্পত্তি হবে এখানে। রাজনৈতিক দলগুলো বিদায়ি অন্তর্বর্তী সরকার প্রণীত জুলাই সনদে স্বাক্ষর করেছে। এই সনদ সংসদে পাস করানোর দায় রয়েছে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোর। তবে জামায়াত ও এনসিপি জোটের সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিলেও বিএনপি জোটের সংসদ সদস্যরা শপথ না নেওয়ায় জটিলতা তৈরি হয়েছে। ফলে ‘সংবিধান সংস্কার পরিষদ’ ইস্যুতে প্রথম অধিবেশন উত্তপ্ত হতে পারে। একই সঙ্গে শক্তিশালী বিরোধী দল থাকায় প্রাণবন্ত হয়ে উঠতে পারে সংসদ। 

সংসদ সচিবালয়ের কর্মকর্তারা জানান, বিরোধী দল জামায়াতে ইসলাম সংসদীয় দলের বৈঠকে বিরোধীদলীয় নেতা ও উপনেতা মনোনীত করলেও সংসদ কার্যপ্রণালি বিধি অনুযায়ী তাদের স্বীকৃতি দেবেন স্পিকার। ফলে নব নির্বাচিত স্পিকারের অনুমোদনের পর সংসদ সচিবালয় বিরোধীদলীয় নেতা, উপনেতা ও চিফ হুইপের স্বীকৃতি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করবে। এ ছাড়া বিএনপির পক্ষ থেকে জুলাই সনদের প্রস্তাবনা অনুযায়ী বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার মনোনয়ন দেওয়ার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। তবে জুলাই সনদ বাস্তবায়নের জন্য সংবিধান সংস্কার পরিষদে বিএনপির এমপিরা শপথ না নেওয়ায় জামায়াত ডেপুটি স্পিকার পদটি না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

এক্ষেত্রে জামায়াত ডেপুটি স্পিকার মনোনয়ন না দিয়ে বিএনপি জোট থেকেই ডেপুটি স্পিকার নির্বাচিত করা হতে পারে বলে জানা গেছে। বিষয়টি সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বুধবার বেলা ১১টায় সংসদ ভবনে অনুষ্ঠিতব্য  বিএনপি সংসদীয় দলের বৈঠকে সিদ্ধান্ত হবে বলে সংস্লিষ্টরা জানিয়েছেন।  

বিএনপিদলীয় একাধিক এমপি জানান, বুধবারের সভায় সংসদ উপনেতা নির্বাচন হতে পারেন। স্পিকার ও ডেপুটি স্পিকার পদে কারা প্রার্থী হবেন, সেটাও চূড়ান্ত করা হতে পারে। 

সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার এবং সংসদ উপনেতা পদে যাদের নাম আলোচনায় রয়েছে, তারা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান ও সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক, সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক, গয়েশ্বর চন্দ্র রায়, সুপ্রিম কোর্ট বারের সভাপতি মাহবুব উদ্দিন ও সাবেক সভাপতি জয়নুল আবেদীন, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু এবং বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমে বলেন, গণভোটে পাস হওয়া জুলাই জাতীয় সনদ অনুযায়ী উচ্চকক্ষ ও নিম্নকক্ষের ডেপুটি স্পিকার বিরোধী দল পাওয়ার কথা। এখন বিএনপি জামায়াতকে যে প্রস্তাব দিয়েছে, সেটা কোনটা তা তাদের স্পষ্ট করা লাগবে। তারা তো লিখিত কোনো প্রস্তাব দেয়নি। মৌখিকভাবে বলেছে, বিরোধী দলকে ডেপুটি স্পিকার দিতে চায়।

স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ সাংবাদিকদের জানিয়েছেন, জাতীয় সংসদকে দেশের সব আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত করা হবে। অতীতে জাতীয় সংসদ নামমাত্র থাকলেও মূল কেন্দ্র ছিল গণভবন। আমরা সেই জায়গা থেকে বেরিয়ে এসেছি। জাতীয় সব ইস্যু সেখানে আলোচনা হবে। শহিদদের আকাঙ্ক্ষা অনুযায়ী একটি কার্যকর সংসদ গঠনই হবে আগামীর লক্ষ্য। 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংসদকে স্মরণীয় করে রাখতে চাই, এই সংসদের কাছে জাতির প্রত্যাশা অনেক। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রত্যাশা যাতে পূরণ করতে পারি, সেজন্য জাতীয় সংসদকে শক্তিশালী করতে হবে। 

তিনি বলেন, বিরোধী দলকে লিখিতভাবে ডেপুটি স্পিকারের প্রস্তাব দেওয়ার বিধান নেই। তারা উদারতা দেখিয়েছেন। জামায়াতের উদারভাবে তা গ্রহণ করা উচিত বলে তিনি মনে করেন।

সংসদ অধিবেশনের প্রস্তুতি ইতিমধ্যে শেষ করেছে সংসদ সচিবালয়। এমপিদের দলীয় অবস্থান, কতবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তা বিবেচনায় নিয়ে আসন বিন্যাসও করা হয়েছে। 

সংশ্লিষ্টরা জানান, নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের অধিকাংশকেই রাখা হয়েছে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ সারিতে। অন্যদিকে মন্ত্রিসভার সদস্য নন এমন সিনিয়র সদস্যদের ট্রেজারি বেঞ্চের প্রথম সারিতে আসন দেওয়া হয়েছে। 

আসনবিন্যাসে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের পাশে রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, নিতাই রায় চৌধুরী, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, এহসানুল হক মিলন, সরদার সাখাওয়াত হোসেন বকুল, জয়নুল আবদিন ফারুক, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, আসাদুল হাবিব দুলু, ফকির মাহবুব আনাম, বরকত উল্লাহ বুলু, মনিরুল হক চৌধুরী, অ্যাডভোকেট মজিবর রহমান সরওয়ার ও মোহাম্মদ শাহজাহান। প্রধান মন্ত্রীর পেছনের দ্বিতীয় সারির প্রথম আসনটি চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

বিরোধী বেঞ্চের শুরুতে রয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, এর পরপরই রয়েছেন বিরোধী দলের উপনেতা ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও এটিএম আজহারুল ইসলাম। 

সংশ্লিষ্টরা জানান, রাজনৈতিক দলগুলোর প্রধানদের সামনের সারিতে আসন দেওয়ার একটা রীতি থাকলেও এবারের আসনবিন্যাসে নবগঠিত এনসিপির প্রধান নাহিদ ইসলাম বিরোধীদলীয় চিফ হুইপ হওয়ায় বিরোধীদলীয় নেতার পেছনের আসনটি তার জন্য বরাদ্দ করা হয়েছে। 

এ ছাড়া বিজেপির প্রধান আন্দালিব রহমান পার্থ, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি ও গণঅধিকার পরিষদের নুরুল হক নূরুকে প্রথম সারিতে আসন না দিয়ে দ্বিতীয় ও তৃতীয় সারিতে রাখা হয়েছে। জামায়াতের নবনির্বাচিত সংসদ সদস্য ও এনসিপির অন্য সদস্যদের স্থান হয়েছে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম সারিতে।  

জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানান, সংসদ অধিবেশনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি যে সরকার গঠন করেছে, সেখানে সংসদের প্রতিটি কার্যক্রমে বিরোধী দলের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে তারা অঙ্গীকারবদ্ধ। বুধবার বিএনপি সংসদীয় দলের সভায় অধিবেশনে কে সভাপতিত্ব করবেন, স্পিকার ও ডেপুটি স্পিকার পদে দল কাকে মনোনয়ন দেওয়া হবে এ বিষয়ে সিদ্ধান্ত হবে।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   গণঅভ্যুত্থান  জাতীয়  নির্বাচন  সংসদ  অধিবেশ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: