রাজধানীর বাড্ডায় পুরাতন দেওয়াল ধসে দুই শিশু মারা গেছে। মৃতরা হলো আয়েশা মনি (১০) ও নুসরাত জাহান মরিয়ম (৫)।
বুধবার (১১মার্চ) বেলা ১২টার দিকে বাড্ডা উত্তর পূর্বাঞ্চল ১০ নং লেনে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় শিশু দুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বেলা দেড়টার দিকে মৃত ঘোষণা করেন।
হাসপতালে মৃত আয়েশার বাবা মো. ইকবাল হোসেন, তাদের বাড়ি কুমিল্লা জেলার বরুরা উপজেলায়। বর্তমানে পূর্বাঞ্চল ৮ নম্বর লেনে থাকেন। এক ছেলে ও দুই মেয়ের মধ্যে আয়শা ছিল দ্বিতীয়। স্থানীয় শহীদ তোজো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিতে পড়ে আয়শা।
তিনি আরও জানান, তাদের পাশের বাড়িতে থাকে মরিয়মের পরিবার। দুপুরে বাসায় ছিলেন তিনি। এসময় রাস্তায় খেলা করছিল শিশু দুটি। তাদের বাসার পাশেই একটি পুরাতন বাড়ি ভেঙে নতুন বাড়ি নির্মাণের কাজ চলছিল। যখন শিশু দুটি ঠিক ওয়ালের পাশে রাস্তায় খেলছিল, তখনই সেই পুরাতন ওয়ালটি ধসে তাদের উপর পড়ে। এতে চাপা পড়ে আয়শা ও মরিয়ম। সঙ্গে সঙ্গে পথচারীরা তাদেরকে দেওয়ালের নিচ থেকে বের করে। প্রথমে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে, মৃত নুসরাত জাহান মরিয়মের বাবা রাজমিস্ত্রী মো. শরিফ জানান, মরিয়ম ছিল তার একমাত্র মেয়ে। তাদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার শালুয়াদি গ্রামে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে নেওয়া হয়েছে।
/ইউএমএইচ