যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ মালিকানায় থাকা গুগল, মাইক্রোসফট, এনভিডিয়ার মতো কয়েকটি বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের মধ্যপ্রাচ্যে অবস্থিত কার্যালয় ও অবকাঠামোতে হামলার ইঙ্গিত দিয়েছে ইরান।
দেশটির ইসলামিক রেভ্যুলশনারি গার্ড করপসের (আইআরজিসি) বরাতে আধা সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ জানিয়েছে, এসব প্রতিষ্ঠানের প্রযুক্তি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক বাহিনী ইরানের বিরুদ্ধে হামলা চালাতে ব্যবহার করছে। কাজেই যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট ওই প্রতিষ্ঠানগুলো এখন ইরানের ‘নতুন লক্ষ্যবস্তু’।
ইরানের বিরুদ্ধে তথ্য সরবরাহ ও নজরাদারি রাখার দাবি জানিয়ে এমন বেশ কয়েকটি প্রতিষ্ঠানের নামের তালিকা প্রকাশ করেছে তাসনিম নিউজ। প্রতিবেদনে বলা হয়, আঞ্চলিক যুদ্ধ এখন দেশগুলোর বিভিন্ন অবকাঠামোকে কেন্দ্র করে বিস্তৃত হচ্ছে। তাই ইরানের বৈধ লক্ষ্যবস্তুর পরিধিও বাড়ছে।
তালিকায় উল্লেখিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে- গুগল, মাইক্রোসফট, প্যালান্টির, আইবিএম, এনভিডিয়া এবং ওরাকল। এসব প্রতিষ্ঠানের ক্লাউডভিত্তিক সেবার কার্যালয় ও অবকাঠামো ইসরায়েলের বিভিন্ন শহরের পাশাপাশি উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশেও রয়েছে।
এদিকে ইরান জানিয়েছে, তাদের একটি ব্যাংকে হামলার ঘটনার পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যুক্ত আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র ও ব্যাংকগুলোও তেহরানের হামলার লক্ষ্যবস্তু হতে পারে।
আইআরজিসির সঙ্গে সংশ্লিষ্ট সংস্থা খাতাম আল-আনবিয়া সদর দপ্তরের এক মুখপাত্র বলেন, ‘শত্রুরা আমাদের এমন অবস্থায় ঠেলে দিয়েছে যে, এখন অঞ্চলে যুক্তরাষ্ট্র ও জায়নিস্ট শাসনের অর্থনৈতিক কেন্দ্র ও ব্যাংকগুলোকে লক্ষ্যবস্তু করার সুযোগ আমাদের সামনে রয়েছে।’
তিনি সতর্ক করে বলেন, সম্ভাব্য হামলার ঝুঁকি এড়াতে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ পরিচালনায় থাকা ব্যাংকের এক কিলোমিটার এলাকার ভেতরে বেসামরিক নাগরিকদের না থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
/এমএইচআর