বেতন-বোনাসের দাবিতে অবরোধ, ৫০ কিলোমিটার দীর্ঘ যানজট

ময়মনসিংহ প্রতিনিধি

সারাদেশ

জেলার ভালুকায় বকেয়া বেতন, ঈদ বোনাস ও বার্ষিক ছুটির টাকা পরিশোধের দাবিতে বিক্ষোভ করেছেন শেফার্ড (গ্রুপ) জিন্স লিমিটেড কারখানার শ্রমিকরা।

2026-03-12T03:48:41+00:00
2026-03-12T03:48:41+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
বেতন-বোনাসের দাবিতে অবরোধ, ৫০ কিলোমিটার দীর্ঘ যানজট
ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৩:৪৮ এএম 
বেতন, ঈদ বোনাস ও বার্ষিক ছুটির টাকা পরিশোধের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ। সংগৃহীত ছবি
জেলার ভালুকায় বকেয়া বেতন, ঈদ বোনাস ও বার্ষিক ছুটির টাকা পরিশোধের দাবিতে বিক্ষোভ করেছেন শেফার্ড (গ্রুপ) জিন্স লিমিটেড কারখানার শ্রমিকরা। এ সময় তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করলে সড়কে প্রায় ৫০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়। একপর্যায়ে লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের মহাসড়ক থেকে সরিয়ে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বুধবার বেলা ১১টা থেকে শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করেন। পরে প্রায় সোয়া ২টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন তারা। অবরোধের ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে দূরপাল্লার যাত্রী ও পণ্যবাহী যানবাহনের চালকরা চরম ভোগান্তিতে পড়েন।

 বিক্ষোভরত শ্রমিকদের অভিযোগ, ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন, ঈদ বোনাস ও বার্ষিক ছুটির টাকা এখনও পরিশোধ করা হয়নি। ১০ মার্চের মধ্যে এসব পরিশোধ করার কথা থাকলেও কারখানা কর্তৃপক্ষ তা বাস্তবায়ন করেনি। এতে ক্ষুব্ধ হয়ে শ্রমিকরা মহাসড়কে নেমে অবরোধ কর্মসূচি পালন করেন।

কারখানার শ্রমিক পপি আক্তার বলেন, এখনও বেতন, ঈদ বোনাস ও ছুটির টাকা দেওয়া হয়নি। কবে দেওয়া হবে সে বিষয়েও কেউ স্পষ্ট করে কিছু জানাচ্ছে না।

আরেক শ্রমিক সুমন বলেন, ঈদের আগে যদি শ্রমিকদের বেতন-বোনাস না দেওয়া হয়, তা হলে আমরা পরিবার নিয়ে কীভাবে চলব? মালিকপক্ষ আমাদের দাবির প্রতি কোনো গুরুত্ব দিচ্ছে না।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তা, সেনাবাহিনী, ভালুকা থানা পুলিশ ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সদস্যরা উপস্থিত হয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে নেওয়ার অনুরোধ জানান। শ্রমিকরা দুপুর ২টা ১৫ মিনিট পর্যন্ত অবরোধ প্রত্যাহার না করলে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

শ্রমিকদের অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে শেফার্ড (গ্রুপ) জিন্স লিমিটেডের জিএম সাকিবুর রহমান জানান, শ্রমিকদের ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধ করা হয়েছে। ঈদ বোনাস আগামী ১৫ মার্চের মধ্যে দেওয়া হবে।

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫-এর পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খান জানান, রমজানের মধ্যে মহাসড়ক অবরোধের কারণে সড়কের দুই পাশে প্রায় ৫০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছিল। দীর্ঘ এ যানজটে আটকে পড়া যাত্রীদের দুর্ভোগ থেকে রক্ষা করতে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। 

ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ : নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুই মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে ভূঁইয়া ফেব্রিকস নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা প্রায় এক ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করে‌ছে। বুধবার বেলা ১১টার দিকে তারাবো পৌরসভার খাদুন এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ কর্মসূচি পালন করে। 

স্থানীয় ও বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, তারাবো পৌরসভার খাদুন এলাকার ভূঁইয়া ফেব্রিকস পোশাক কারখানায় ৪০০ শ্রমিক কাজ করে। শ্রমিকদের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের বেতন ও ঈদের বোনাস বকেয়া থাকলেও মালিকপক্ষ তা দিই-দিচ্ছি বলে টালবাহানা করে আসছিলেন। বুধবার সকালে শ্রমিকরা কারখানায় এসে জানতে পারেন বকেয়া বেতন ও ঈদ বোনাস ১৮ মার্চ পরিশোধ করা হবে বলে মালিকপক্ষ জানায়। এতে ক্ষিপ্ত হয়ে বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখেন। 

এতে ঢাকা-সিলেট মহাসড়কে দীর্ঘ ৮ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এ সময় ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। মালিকপক্ষ আগামীকাল ১২ মার্চ বেতন ও বোনাস দেওয়ার আশ্বাস দিলে প্রশাসনের হস্তক্ষেপে শ্রমিকরা পুনরায় কাজে যোগ দেয়। এতে স্বাভাবিক হতে শুরু করে ঢাকা-সিলেট মহাসড়কের যান চলাচল।

রূপগঞ্জ থানার উপপরিদর্শক এসআই হুমায়ূন আহমেদ বলেন, মালিকপক্ষ আগামীকাল শ্রমিকদের বেতন প্রদানের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ উঠিয়ে কাজে যোগ দেয়।

সময়ের আলো/আআ
  বিষয়:   বেতন  বোনাস  দাবি  অবরোধ  যানজট 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: