ইরানে চলমান যুদ্ধের মধ্যে ইসফাহান শহরে একটি হামলায় রাশিয়ার কনস্যুলেট ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এই ঘটনাকে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে মন্তব্য করেছেন এবং কূটনৈতিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
মারিয়ার বক্তব্য অনুযায়ী, ৮ মার্চ ইসফাহান প্রদেশের গভর্নরের প্রশাসনিক ভবন লক্ষ্য করে চালানো হামলার ধাক্কায় কাছাকাছি অবস্থিত রুশ কনস্যুলেট ভবনও ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণের ফলে কনস্যুলেটের দফতর ভবন ও আবাসিক অংশের জানালাগুলো ভেঙে যায় এবং কয়েকজন কর্মী বিস্ফোরণের ধাক্কায় ছিটকে পড়েন। তবে সৌভাগ্যক্রমে এতে কেউ নিহত হননি বা গুরুতর আহত হননি।
জাখারোভা বলেন, কূটনৈতিক প্রতিনিধিত্বের ওপর হামলা আন্তর্জাতিক কনভেনশনের সুস্পষ্ট লঙ্ঘন। তিনি জোর দিয়ে বলেন, যুদ্ধ পরিস্থিতি যাই হোক না কেন, কূটনৈতিক মিশনের নিরাপত্তা ও অখণ্ডতা রক্ষা করা আন্তর্জাতিক আইনের মৌলিক নীতি। রাশিয়া সব পক্ষকে কূটনৈতিক স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।
একই সঙ্গে সংঘাতে জড়িত দেশগুলোকে সামরিক উত্তেজনা কমিয়ে আলোচনার টেবিলে ফিরে আসারও আহ্বান জানানো হয়েছে। এই ঘটনার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনে কথা বলেন বলে ক্রেমলিন জানিয়েছে। আলোচনায় মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান সংঘাত এবং পরিস্থিতি শান্ত করার উপায় নিয়ে কথা হয়েছে।
বিশ্লেষকদের মতে, ইরান ঘিরে চলমান যুদ্ধ ক্রমেই আঞ্চলিক সীমা ছাড়িয়ে আন্তর্জাতিক প্রভাব ফেলছে। শুধু সামরিক স্থাপনা নয়, বিদেশি কূটনৈতিক মিশনগুলোও এখন সংঘাতের ঝুঁকির মধ্যে পড়ছে।
সময়ের আলো/আআ