প্রথম দিনের অধিবেশনে থাকছে যেসব গুরুত্বপূর্ণ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আজ সকাল ১১টায় জাতীয় সংসদ ভবন-এ শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। বৃহস্পতিবার (১২ মার্চ) প্রথম দিনের কার্যসূচিতে স্পিকার

2026-03-12T09:40:17+00:00
2026-03-12T09:40:17+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
প্রথম দিনের অধিবেশনে থাকছে যেসব গুরুত্বপূর্ণ কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৯:৪০ এএম 
জাতীয় সংসদের প্রতীকী ছবি। সংগৃহীত ছবি
আজ সকাল ১১টায় জাতীয় সংসদ ভবন-এ শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। বৃহস্পতিবার (১২ মার্চ) প্রথম দিনের কার্যসূচিতে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনসহ মোট সাতটি বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

দীর্ঘদিন ধরে কার্যকর সংসদের অভাব দেশবাসী অনুভব করেছে। একতরফা সরকার, দুর্বল বিরোধী দল এবং বিতর্কিত নির্বাচনের কারণে জাতীয় সংসদের কার্যকারিতা অনেকটাই কমে গিয়েছিল। তবে গণ–অভ্যুত্থানের পর রাজনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে সংসদে আবারও সক্রিয়তা ফিরে আসার আশা তৈরি হয়েছে।

এবারের সংসদে নেতৃত্ব দিচ্ছে বিএনপি, আর বিরোধী দলের ভূমিকায় রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং শিক্ষার্থীদের নেতৃত্বে গঠিত দল এনসিপি। অনেকের প্রত্যাশা, নতুন সংসদ সদস্যরা একটি প্রাণবন্ত সংসদ উপহার দেবেন এবং জনপ্রত্যাশা পূরণে ত্রয়োদশ জাতীয় সংসদ নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।

প্রথম অধিবেশনে জুলাই আন্দোলনকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এ উপলক্ষে ২০২৪ সালের ৪ আগস্ট রাজধানীর ফার্মগেটে গুলিবিদ্ধ শহীদ গোলাম নাফিজের রিকশাচালকসহ চার শহীদ পরিবারের সদস্যদের অধিবেশনে আমন্ত্রণ জানানো হয়েছে।

রীতি অনুযায়ী পবিত্র ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে সংসদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। স্পিকার না থাকায় সরকারি দলের একজন জ্যেষ্ঠ সংসদ সদস্য অস্থায়ীভাবে অধিবেশনের সভাপতিত্ব করবেন।


সংসদ সচিবালয় জানিয়েছে, প্রথম দিনের কার্যসূচিতে মোট সাতটি বিষয় রয়েছে। শুরুতেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। দায়িত্ব গ্রহণের পর নতুন স্পিকার অধিবেশন পরিচালনা করবেন। এরপর সংসদীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্যদের মনোনয়ন দেওয়া হবে এবং প্রয়াত সংসদ সদস্য ও বিশিষ্ট ব্যক্তিদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা হবে।

প্রথম অধিবেশনেই অন্তর্বর্তী সরকারের সময় জারি করা অধ্যাদেশগুলো সংসদে উপস্থাপন করা হবে। সংবিধানের ৯৩ অনুচ্ছেদের ২ ধারা অনুযায়ী আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান ১৩৩টি অধ্যাদেশ উত্থাপন করবেন। সংসদ সেগুলোর অনুমোদন, সংশোধন বা বাতিলের বিষয়ে সিদ্ধান্ত নেবে। এর মধ্যে জুলাই অভ্যুত্থানে জড়িতদের ফৌজদারি দায়মুক্তি সংক্রান্ত অধ্যাদেশসহ কয়েকটি গুরুত্বপূর্ণ অর্ডিন্যান্স অনুমোদনের সম্ভাবনা রয়েছে।

এরপর জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী বাংলাদেশ সরকারি কর্ম কমিশন-এর ২০২৪ সালের বার্ষিক প্রতিবেদন সংসদে উপস্থাপন করবেন। পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হবে।

সবশেষে রাষ্ট্রপতি সংসদে উদ্বোধনী ভাষণ দেবেন। এরপর তার ভাষণের ওপর আলোচনা করবেন সংসদ সদস্যরা। এভাবেই প্রথম দিনের অধিবেশন শেষ হবে। প্রথম অধিবেশন প্রায় এক মাস চলবে বলে জানা গেছে।  



/ইউএমএইচ


  বিষয়:   জাতীয় সংসদ  প্রথম অধিবেশন  কর্মসূচি 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: