ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দর্শক সারিতে সদ্য সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে দেখা গেছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টায় জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। অধিবেশন চলাকালে দর্শক গ্যালারিতে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতি লক্ষ্য করা যায়।
ড. মুহাম্মদ ইউনূস ছাড়াও দর্শক সারিতে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান এবং নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানদের দেখা গেছে।
২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। পরে ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নেয়। প্রায় দেড় বছর পর গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ১৩ ফেব্রুয়ারি রাতে নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন এবং ১৭ ফেব্রুয়ারি নতুন সংসদ সদস্যরা শপথ নেন। সংবিধান অনুযায়ী নির্বাচনের ফল ঘোষণার ৩০ দিনের মধ্যে সংসদের বৈঠক আহ্বান করতে হয়। সেই অনুযায়ী ফল ঘোষণার এক মাসের মাথায় আজ বসেছে নতুন সংসদের প্রথম অধিবেশন।
সময়ের আলো/জেডআই