ইরানের সাম্প্রতিক সামরিক হামলায় ইসরায়েলি বাহিনীর রাডার ব্যবস্থা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি।
বৃহস্পতিবার (১১ মার্চ) প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইরানের হামলায় শত্রু পক্ষের বেশ কয়েকটি শনাক্তকরণ কেন্দ্র ধ্বংস হওয়ায় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ড্রোন শনাক্ত করার সক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে বর্তমানে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের অবস্থান বা আঘাতের সময় সঠিকভাবে নির্ধারণ করতে পারছে না ইসরায়েল, যার কারণে দেশজুড়ে প্রায়ই অকারণে সাইরেন বেজে ওঠার ঘটনা ঘটছে।
ইসরায়েলি একটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ইরান থেকে উৎক্ষেপিত কিছু ক্ষেপণাস্ত্র কোনো ধরনের পূর্ব-সতর্কতা বা প্রস্তুতি ছাড়াই সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হানছে এবং এসব মোকাবিলায় ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কোনো সাড়া দিতে পারছে না।
পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, কোনো ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ না হলেও সাইরেন বাজছে, আবার সাইরেন না বাজলেও ক্ষেপণাস্ত্র আসছে কি না সে বিষয়ে নিশ্চিত হতে পারছে না সামরিক বাহিনী। এই অনিশ্চয়তা ইসরায়েলের সামগ্রিক প্রতিরক্ষা ব্যবস্থায় চরম বিভ্রান্তি সৃষ্টি করেছে।
সূত্রটি আরও জানিয়েছে, ১২ দিনের এই যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি বাহিনীর একমাত্র লক্ষণীয় উন্নতি হয়েছে তাদের সংবাদ নিয়ন্ত্রণ বা গণমাধ্যম সেন্সরশিপের সক্ষমতায়। এছাড়া সামগ্রিকভাবে সাধারণ ইসরায়েলিদের জন্য বর্তমান পরিস্থিতি আরও ভয়াবহ ও নরকতুল্য হয়ে উঠেছে।
সময়ের আলো/আরবিএন