ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় মসজিদের কমিটি গঠন নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় আশেপাশের বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে উপজেলার জালিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, জালিয়াপাড়া মসজিদ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন নিয়ে স্থানীয় বিএনপি নেতা বাদশা ও আশরাফুল ইসলামের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়।
তাদের উদ্ধার করে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ।
শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, মসজিদ কমিটি গঠন নিয়ে বাকবিতণ্ডার জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি এখন স্বাভাবিক আছে।
/এমএইচআর