ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো জাতির উদ্দেশে বিবৃতি দিয়েছেন মোজতবা খামেনি।
বৃহস্পতিবার (১২ মার্চ) তিনি এ বিবৃতি দেন।
রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এই ভাষণে তিনি যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে কঠোর হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি চলমান যুদ্ধ নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেছেন।
বিশেষ করে মধ্যপ্রাচ্যে অবস্থিত সব মার্কিন সামরিক ঘাঁটি অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়ে তিনি সতর্ক করে বলেন, এই নির্দেশ অমান্য করলে ওই ঘাঁটিগুলো সরাসরি ইরানি হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হবে।
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি প্রসঙ্গে তিনি স্পষ্ট জানিয়েছেন, ইরানের শত্রুদের ওপর চাপ সৃষ্টি করার লক্ষ্যে এই জলপথ আপাতত বন্ধ রাখা হবে।
তবে তিনি প্রতিবেশী দেশগুলোর প্রতি বন্ধুত্বের বার্তা দিয়ে বলেন, ইরান সবসময়ই তার প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখায় বিশ্বাসী এবং তাদের মূল লক্ষ্য কেবল ওই অঞ্চলে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলো।
তিনি ঘোষণা করেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত এসব ঘাঁটিতে হামলা অব্যাহত থাকবে।
চলমান এই যুদ্ধ কতদিন স্থায়ী হবে এমন প্রশ্নের জবাবে নতুন এই সর্বোচ্চ নেতা জানান, ইরানের জনগণের স্বার্থের ওপর ভিত্তি করেই যুদ্ধের স্থায়িত্ব নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। একই সঙ্গে ইরানের ভবিষ্যতের সুরক্ষা ও সার্বভৌমত্ব নিশ্চিত করতে সর্বোচ্চ নেতার এই পদের গুরুত্ব ও এটি রক্ষা করার প্রয়োজনীয়তা তিনি বিশেষভাবে তুলে ধরেন।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলি হামলায় আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর গত ৮ মার্চ তার পুত্র মোজতবা খামেনিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল।
সময়ের আলো/আরবিএন