অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে সমকালীন বাংলা কবিতার সম্ভাবনাময় তরুণ কবি কলি বড়ালের নতুন দুটি বই। ভিন্নচোখ প্রকাশনী থেকে প্রকাশিত বই দুটি হলো-দ্বিভাষিক কাব্যগ্রন্থ ‘নক্ষত্রের দেয়াল’ এবং শিশুতোষ গল্পগ্রন্থ ‘রঙিন জাদুকর’। বই দুটির প্রচ্ছদ ও অলংকরণও করেছেন লেখক নিজেই। পাঠকরা বই দুটি ভিন্নচোখ প্রকাশনীর ৯৬৫ নম্বর স্টল থেকে সংগ্রহ করতে পারবেন।
কলি বড়াল ১৯৯৪ সালে বরগুনা জেলার একটি সংস্কৃতিকমনা পরিবারে জন্মগ্রহণ করেন। অল্প বয়স থেকেই সাহিত্যচর্চার সঙ্গে যুক্ত হয়ে তিনি ধীরে ধীরে বাংলা সাহিত্যে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন। ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ে এমবিএ সম্পন্ন করা এই লেখক নিয়মিত দেশি-বিদেশি বিভিন্ন পত্রিকা ও সাহিত্য সাময়িকীতে লিখে থাকেন।
সাহিত্যচর্চায় অল্প সময়ের মধ্যেই তিনি পাঠকমহলে পরিচিতি লাভ করেছেন। ইতোমধ্যে তার সাতটি বই প্রকাশিত হয়েছে, যা বাংলাদেশের বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে। তার প্রকাশিত গ্রন্থগুলোর মধ্যে রয়েছে কাব্যগ্রন্থ ‘জলনীলী’, উপন্যাস ‘চিতা’, দ্বিভাষিক কাব্যগ্রন্থ ‘রাই কমলের বাঁশি’, শিশুতোষ গল্পগ্রন্থ ‘আরুশির জোনাই বন্ধু’ এবং নারীদের জীবনভিত্তিক গল্পগ্রন্থ ‘স্ক্রিপ্ট’।
তিনি সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে ২০২৫ সালে তিনি অষ্টম বোয়াও আন্তর্জাতিক কবিতা পুরস্কারে ‘বর্ষসেরা তরুণ কবি’ হিসেবে সম্মাননা লাভ করেন। কবিতার পাশাপাশি গান ও চিত্রকলাতেও তিনি সমান পারদর্শী। ইতোমধ্যে তিনি বেশ কয়েকটি বইয়ের প্রচ্ছদ ও অলংকরণ করেছেন। কলি বড়াল বর্তমানে শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত আছেন।
সময়ের আলো/এনএ