এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের সামনে এখন কেবল একটি ম্যাচের অপেক্ষা। আগামী ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে হামজা চৌধুরীরা। তবে মূল পর্বের দৌড় থেকে আগেই ছিটকে যাওয়ায় এই ম্যাচটি এখন কেবলই আনুষ্ঠানিকতার। যদিও কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার দৃষ্টি এখন র্যাঙ্কিংয়ে উন্নতির দিকে।
সিঙ্গাপুর ম্যাচের আগে ২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে একটি ফিফা প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এই দুটি ম্যাচকে সামনে রেখে আগামী ১৬ মার্চ থেকে জাতীয় দলের ক্যাম্প শুরু হতে যাচ্ছে। বসুন্ধরা কিংসের মাঠে ফুটবলাররা অনুশীলনে ঘাম ঝরাবেন। তবে ঢাকার এই প্রাথমিক ক্যাম্পে থাকছেন না ইংল্যান্ড প্রবাসী তারকা মিডফিল্ডার হামজা চৌধুরী।
বৃহস্পতিবার জাতীয় দল কমিটির সভা শেষে মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু সাংবাদিকদের বলেছেন, ‘ভিয়েতনামেই হামজা আমাদের সঙ্গে যোগ দেবে। ভিয়েতনামের বিপক্ষেও খেলবে। সেখান থেকে সিঙ্গাপুরে যাবে এবং সিঙ্গাপুরের ম্যাচ শেষ করে তারপরে সে তার দেশে যাবে।’
আন্তর্জাতিক বিরতি শুরুর আগে আগামী ২১ মার্চ হামজার ক্লাব লেস্টার সিটির চ্যাম্পিয়নশিপের শেষ ম্যাচ রয়েছে। সেই ম্যাচ খেলে ২২ মার্চ সরাসরি ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন তিনি।
অন্যদিকে দলের বাকি ফুটবলাররা ২০ মার্চ ভিয়েতনামের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। বর্তমানে ৫ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে এশিয়ান কাপ বাছাইয়ের ‘সি’ গ্রুপের টেবিলের তিন নম্বরে অবস্থান করছে বাংলাদেশ।
হামজা চৌধুরী সরাসরি ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দিলেও ক্যাম্পের শুরুতেই ঢাকায় আসছেন কানাডা প্রবাসী মিডফিল্ডার শমিত শোম। জাতীয় দলের এই ক্যাম্প শুরু হওয়ার ঠিক আগের দিন অর্থাৎ ১৫ মার্চ শমিতের ঢাকায় পা রাখার কথা রয়েছে।
এ ছাড়া অন্যান্য ফুটবলারদের মধ্যে ১৪ মার্চ জায়ান আহমেদ এবং ১৬ মার্চ ফাহমিদুল ইসলাম ও তারিক কাজী দলের সঙ্গে যোগ দেবেন।
মিডিয়া কমিটির চেয়ারম্যান বলেন, ‘আমাদের ক্যাম্পে ৩০ জন খেলোয়াড় থাকবে। ২৩ জন খেলোয়াড় নিয়ে আমরা ভিয়েতনামে যাব। ঈদের আগেই কিন্তু আমরা প্লেয়ারদের ডেকেছি। আমরা ঈদকে প্রাধান্য না দিয়ে খেলাটাকে প্রাধান্য দিচ্ছি। কোনো অবস্থাতেই খেলোয়াড়কে ছাড়ব না।’
বাফুফের সঙ্গে চুক্তি অনুয়ায়ী হেড কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা বাংলাদেশ দলের ডাগআউটে শেষবারের মতো দাঁড়াবেন। এরপর ক্যাবরেরার সঙ্গে চুক্তি বাড়ানো হবে কি না এখন কোনো সিদ্ধান্ত নেয়নি টিম ম্যানেজমেন্ট।
বাবু বলেন, ‘সিঙ্গাপুর আর ভিয়েতনামের ম্যাচটা নিয়েই কিন্তু আজ আলাপ-আলোচনা হয়েছে। ক্যাবরেরাকে নিয়ে কোনো কথা হয়নি। সিঙ্গাপুরের ম্যাচের আগে এ ব্যাপারে কোনো সিদ্ধান্তই নিইনি। সিঙ্গাপুরের খেলা শেষ করে যখন ঢাকায় দল আসবে, তখন সিদ্ধান্ত নেব।’
এফআর