মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাত থেকে শিক্ষা নিয়ে ড্রোন হামলা শনাক্তকরণ প্রযুক্তি আরও আধুনিক করতে রাডারে কৃত্রিম বুদ্ধিমত্তা বা ‘এআই’ ব্যবহারের উদ্যোগ নিয়েছে চীন।
বুধবার (১১ মার্চ) চীনের শীর্ষ বিমান প্রতিরক্ষা রাডার বিশেষজ্ঞ এবং রাষ্ট্রীয় গবেষণা প্রতিষ্ঠান সিইটিসির প্রধান প্রকৌশলী শু জিন এই তথ্য জানান।
বেইজিংয়ে অনুষ্ঠিত বার্ষিক রাজনৈতিক অধিবেশন ‘টু সেশনস’-এ তিনি উল্লেখ করেন যে, নতুন এই এআই অ্যালগরিদম রাডারকে কোনো চলমান লক্ষ্যবস্তুকে বিভিন্ন দিক থেকে পর্যবেক্ষণ করতে এবং প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আসল ড্রোন ও বিভ্রান্তিকর ভুয়া ড্রোনের মধ্যে পার্থক্য করতে সক্ষম করে তুলবে।
শু জিন বর্তমানে চায়না ইলেকট্রনিকস টেকনোলজি গ্রুপ করপোরেশনের (সিইটিসি) ৩৮তম গবেষণা ইনস্টিটিউটে আগাম সতর্কতা ও শনাক্তকরণ প্রযুক্তির প্রধান হিসেবে কাজ করছেন।
তিনি জানান, সাম্প্রতিক পরীক্ষাগুলোতে দেখা গেছে এআই যুক্ত করার ফলে রাডারের লক্ষ্য শনাক্ত করার ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে সমুদ্রপৃষ্ঠ বা স্থলভাগের খুব নিচ দিয়ে উড়ে আসা বিপুল সংখ্যক ক্ষুদ্র ড্রোন শনাক্ত করতে এটি অত্যন্ত কার্যকর।
সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, প্রচলিত রাডার ব্যবস্থার জন্য একসাথে অনেকগুলো আত্মঘাতী ড্রোন মোকাবিলা করা বেশ কঠিন, কারণ ড্রোনগুলো অনেক সময় দলবদ্ধভাবে এবং সমন্বিত উপায়ে আক্রমণ চালায়।
যুক্তরাষ্ট্র ও ইরানের বর্তমান যুদ্ধ পরিস্থিতির উদাহরণ টেনে এই বিশেষজ্ঞ বলেন, আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থায় স্বল্পমূল্যের আত্মঘাতী ড্রোনগুলো বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ড্রোনগুলো যখন ঝাঁকে ঝাঁকে আক্রমণ করে, তখন সেগুলোকে আলাদাভাবে পর্যবেক্ষণ করা এবং সম্পূর্ণ তথ্য সংগ্রহ করা প্রচলিত রাডারের ওপর অতিরিক্ত চাপ তৈরি করে।
চীনের তৈরি এই নতুন আগাম সতর্কতা রাডার প্রযুক্তি মূলত এই সীমাবদ্ধতা কাটিয়ে ওঠার লক্ষ্যেই তৈরি করা হয়েছে, যাতে ভবিষ্যতে যে কোনো ধরনের ড্রোনের বহরকে দ্রুত ও নির্ভুলভাবে প্রতিহত করা সম্ভব হয়।
সময়ের আলো/আরবিএন