রাশিয়া ও ইরানের সাম্প্রতিক পদক্ষেপগুলো বিশ্ব অর্থনীতিকে সংকটে ফেলার একটি পরিকল্পিত চেষ্টা বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্র সচিব ইভেট কুপার।
শুক্রবার (১৩ মার্চ) বিবিসি প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, এই দুই দেশ যৌথভাবে এমন কিছু কৌশল অবলম্বন করছে যা বিশ্ববাণিজ্য ও জ্বালানি বাজারকে জিম্মি করার শামিল।
বিশেষ করে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হওয়ার যে আশঙ্কা তৈরি হয়েছে, তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।
সম্প্রতি ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি সতর্ক করে দিয়েছেন যে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান হামলার জবাবে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধ করে দেওয়া হতে পারে।
এই ঘোষণার পরপরই বিশ্ববাজারে জ্বালানি তেলের সংকটের আশঙ্কায় যুক্তরাষ্ট্র সাময়িকভাবে রাশিয়ার কাছ থেকে তেল কেনার ওপর নিষেধাজ্ঞা শিথিল করেছে।
ব্রিটিশ পররাষ্ট্র সচিব যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে একটি ‘নির্দিষ্ট ও লক্ষ্যভিত্তিক সিদ্ধান্ত’ হিসেবে অভিহিত করেছেন।
ইভেট কুপার আরও বলেন, দীর্ঘদিন ধরেই রাশিয়া ও ইরানের মধ্যে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রয়েছে এবং দেশ দুটি একই ধরনের কৌশল ব্যবহার করে একে অপরকে সমর্থন দিচ্ছে।
তার মতে, বর্তমান পরিস্থিতির সুযোগ নিয়ে এই দুই দেশ বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থায় নেতিবাচক প্রভাব বিস্তার করার চেষ্টা করছে।
হরমুজ প্রণালি অবরুদ্ধ হলে বৈশ্বিক বাণিজ্যে যে অচলাবস্থা তৈরি হবে, তা সামাল দেওয়া কঠিন হয়ে পড়বে বলে তিনি হুঁশিয়ারি দেন।
সময়ের আলো/আরবিএন