নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় একটি বিদ্যালয় সংলগ্ন পুকুর সেচ করতে গিয়ে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) দুপুরের দিকে উপজেলার চরপার্বতী ইউনিয়নের মেহেরুন্নেসা উচ্চ বিদ্যালয়ের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত ব্যক্তির বয়স আনুমানিক পঞ্চাশ বছরের বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মেহেরুন্নেসা উচ্চ বিদ্যালয়ের পুকুরটিতে মাছ ধরার উদ্দেশ্যে বৃহস্পতিবার রাতে সেচ মেশিন বসানো হয়। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে পানি কমে গেলে স্থানীয় বাসিন্দারা মাছ ধরার জন্য পুকুরের কচুরিপানা সরাতে শুরু করেন। এ সময় কচুরিপানার নিচে একটি মরদেহ ভাসতে দেখে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম বলেন, উদ্ধারকৃত মরদেহটি পচে অর্ধগলিত অবস্থায় থাকায় তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে।
এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
সময়ের আলো/আরবিএন