মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বলেছেন, চলমান উত্তেজনার প্রেক্ষাপটে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্ভবত ইরানকে কিছুটা সহায়তা করছেন।
ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানান, তার ধারণা পুতিন হয়তো তেহরানকে সীমিত সহায়তা দিচ্ছেন। তবে তিনি এটাও উল্লেখ করেন যে, পুতিন হয়তো মনে করেন, যুক্তরাষ্ট্র যেমন ইউক্রেনকে সহায়তা করছে, তেমনি রাশিয়ার পক্ষ থেকে ইরানকে সহায়তা করা এক ধরনের পাল্টা কৌশল হতে পারে।
ট্রাম্প আরও বলেন, কেবল রাশিয়াই নয়, চীনসহ অন্যান্য শক্তিধর দেশও অনেক সময় একই ধরনের হিসাব-নিকাশ মাথায় রেখে তাদের মিত্রদের সমর্থন দেয়।
এদিকে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, রাশিয়া মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন বাহিনীর বিষয়ে গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য ইরানকে দিয়েছে। প্রতিবেদনে বলা হয়, মস্কো নাকি যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমানের অবস্থানসংক্রান্ত তথ্য তেহরানের কাছে সরবরাহ করেছে, যাতে ইরান মধ্যপ্রাচ্যে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে।
যদিও ট্রাম্প বিষয়টিকে ‘সামান্য সহায়তা’ হিসেবে উল্লেখ করেছেন, তবে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন এবং যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে।
/ইউএমএইচ