বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সঞ্চালন লাইন স্থানান্তর ও উন্নয়ন কাজের জন্য চাঁপাইনবাবগঞ্জ ও শেরপুর জেলার বেশকিছু এলাকায় দীর্ঘসময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়ক প্রশস্তকরণ প্রকল্পের আওতায় বিদ্যুৎ লাইন স্থানান্তরের কাজের জন্য শনিবার (১৪ মার্চ) শিবগঞ্জ উপজেলায় টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না।
এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) শিবগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার সকাল ৬টা থেকে ৩৩ কেভি লাইনের স্থানান্তর কাজ চলবে। এই উন্নয়নমূলক কাজের স্বার্থে শিবগঞ্জ বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন রাখা হবে।
শিবগঞ্জ বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের আবাসিক প্রকৌশলী মো. জুলফিকার আলী স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মহাসড়ক উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ কাজের জন্য এই সাময়িক বিদ্যুৎ বিভ্রাট ঘটবে। কাজ শেষ হওয়া মাত্রই দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা করা হবে।
এদিকে, সরকারি উন্নয়নমূলক কাজের স্বার্থে সাময়িক এই অসুবিধার জন্য নেসকো কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
অন্যদিকে, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নালিতাবাড়ী উপজেলার আবাসিক প্রকৌশলী আব্দুল মোমিন জানিয়েছেন, নালিতাবাড়ী-শেরপুর মহাসড়কের গাজীরখামার এলাকায় বিদ্যুতের ৩৩ কেভি লাইনের তার সরবরাহের জন্য শনিবার নালিতাবাড়ী ও নকলা উপজেলায় সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত মোট ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সময়ের আলো/এনএ