বিগত সরকারের আমলে সংঘটিত দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি।
তিনি জানিয়েছেন, পূর্ববর্তী সময়ে যারা ক্ষমতায় ছিলেন, তারা দেশের অর্থ লুটপাট ও পাচার করেছেন যা এখন দেশবাসীর কাছে স্পষ্ট এবং বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে।
শনিবার (১৪ মার্চ) দুপুরে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার ইউনিয়নে মেঘনা নদীর তীর রক্ষা বাঁধ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী অভিযোগ করেন, দুর্নীতির কারণেই লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর মেঘনার তীর রক্ষা বাঁধ প্রকল্পের কাজ যথাযথভাবে সম্পন্ন হয়নি। এই অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ডিপার্টমেন্টাল ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
পরিদর্শনকালে মন্ত্রী বলেন, ভাঙন রোধে চলমান বাঁধ নির্মাণ কাজের কিছু অংশ ইতিমধ্যে শেষ হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট দপ্তরের আন্তরিক সহযোগিতায় দ্রুততম সময়ের মধ্যে এই তীর রক্ষা বাঁধের কাজ সম্পন্ন করার আশ্বাস দেন তিনি।
এছাড়া ৬২ কিলোমিটার দীর্ঘ এই বাঁধের কাজের গুণমান ও ধরনের ওপর পানিসম্পদ মন্ত্রণালয় বিশেষ নজরদারি রাখবে বলেও জানান তিনি।
উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনসংগ্রামের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, এ অঞ্চলের বাসিন্দারা প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে টিকে আছে। বিশেষ করে বর্ষাকালে প্লাবন ও তীব্র স্রোতের কারণে মজুচৌধুরীরহাট থেকে বয়ারচর পর্যন্ত বাঁধহীন এলাকায় মানুষ জমি ও ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে পড়ছে। বর্তমান সরকার পর্যায়ক্রমে এসব বাস্তুহারা মানুষের পাশে দাঁড়াবে এবং নদী ভাঙন রোধে কার্যকর ভূমিকা রাখবে।
এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান এমপি, লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম, লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদ-উজ জামান খান এবং জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সময়ের আলো/আরবিএন