ফয়সালকে পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকারীদের সীমান্ত পার করে দেওয়ার অভিযোগে ফিলিপ সাংমা নামে এক বাংলাদেশিকে নদীয়া সীমান্ত থেকে

2026-03-14T20:07:58+00:00
2026-03-14T21:00:36+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
হাদি হত্যা
ফয়সালকে পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৮:০৭ পিএম 
ফিলিপ সাংমা (বামে) এবং শরিফ ওসমান হাদি। ছবি : সংগৃহীত
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকারীদের সীমান্ত পার করে দেওয়ার অভিযোগে ফিলিপ সাংমা নামে এক বাংলাদেশিকে নদীয়া সীমান্ত থেকে গ্রেফতার করেছে ভারতীয় পুলিশ।

আজ (শনিবার) ভোরে ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার শান্তিপুর বাইপাস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্সের (এসটিএফ) সদস্যরা।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, হাদি হত্যার অভিযোগে সম্প্রতি পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বনগাঁ থেকে ফয়সাল মাসুদ করিম ও আলমগীর শেখকে গ্রেপ্তার করা হয়েছে। এসটিএফ সূত্রে জানা গেছে, ফয়সালদের জেরা করে উঠে এসেছে ফিলিপ সাংমার নাম। তিনি বাংলাদেশের ময়মনসিংহের হালুয়াঘাটে থাকতেন। হাদি-খুনে নাম জড়ানোর পরই ফয়সাল এবং আলমগীর যোগাযোগ করেন ফিলিপের সঙ্গে। তার সাহায্যেই অবৈধভাবে সীমান্ত পেরিয়ে মেঘালয়ে ঢুকে পড়েন ফয়সাল ও আলমগীর। 

পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে শনিবার ভোরে শান্তিপুর বাইপাস সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় ফিলিপ সাংমাকে। জেরায় তিনি স্বীকার করেছেন, টাকার বিনিময়ে বাংলাদেশের হালুয়াঘাট ও মেঘালয়ের ডালুপাড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে লোকেদের পারাপার করান। একইভাবে তার সাহায্যে বাংলাদেশ ছেড়েছিলেন ফয়সালরাও।

হাদি-খুনে অভিযুক্তদের খোঁজে যখন বাংলাদেশে তোলপাড় শুরু হয়, তখন ফিলিপও হালুয়াঘাট-ডালুপাড়া সীমান্ত দিয়ে ভারতে চলে আসেন। জেরায় ফিলিপ সাংমা জানিয়েছেন, বিগত কয়েক দিন ভারতের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়েছেন তিনি। বারবার বদলেছেন আস্তানাও। তবে সম্প্রতি বাংলাদেশে আবার ফিরে যাওয়ার পরিকল্পনা করেছিলেন ফিলিপ। একই পরিকল্পনা ছিল ফয়সালদেরও। তবে তার আগেই পশ্চিমবঙ্গ পুলিশের হাতে গ্রেফতার হলেন তিন জনেই। আজই ফিলিপ সাংমাকে আদালতে হাজির করানো হয়। আদালতের নির্দেশে পুলিশ তাকে হেফাজতে নিয়েছে।

গত ডিসেম্বরে ঢাকায় ৩২ বছরের হাদিকে গুলি করে খুন করা হয়। পরে সিঙ্গাপুরের হাসপাতালে মৃত্যু হয় বাংলাদেশের ওই তরুণ নেতার। হাদির মৃত্যু ঘিরে অশান্ত হয়ে ওঠে বাংলাদেশ। হাদি-খুনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) যে চার্জশিট দিয়েছিল, তাতে ফয়সাল এবং আলমগীরকে ‘মূল অভিযুক্ত’ হিসাবে চিহ্নিত করা হয়। 

/এমএইচআর 






  বিষয়:   হাদি হত্যা 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: