ইরান ‘সমঝোতা করতে চায়’ দাবি করলেও বর্তমান পরিস্থিতিতে কোনো চুক্তিতে যেতে রাজি নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এনবিসি-কে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি জানান, প্রস্তাবিত শর্তগুলো এখনো পছন্দ না হওয়ায় তিনি এই যুদ্ধ বন্ধের কোনো চুক্তিতে সই করতে প্রস্তুত নন।
সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, ইরানের খার্গ দ্বীপে মার্কিন হামলায় দ্বীপটির সিংহভাগ ‘পুরোপুরি ধ্বংস’ হয়ে গেছে।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আমরা হয়ত স্রেফ মজা করার জন্য (জাস্ট ফর ফান) সেখানে আরও কয়েকবার হামলা করব।
এসময় মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে ইরানের হামলার সিদ্ধান্তে তিনি ‘বিস্ময়’ প্রকাশ করেন।
এদিকে, ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনি সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেছেন ট্রাম্প। তিনি প্রশ্ন তোলে বলেন, মোজতবা খামেনি আদৌ ‘বেঁচে আছেন কিনা’।
উল্লেখ্য, যুদ্ধ শুরুর পর থেকেই ইরানের শীর্ষ নেতৃত্বের অবস্থান নিয়ে নানা গুঞ্জন চলছে।
অন্যদিকে, বিশ্ববাজারে জ্বালানি তেলের ক্রমবর্ধমান দাম নিয়ে উদ্বেগকে পাত্তাই দেননি মার্কিন প্রেসিডেন্ট।
হরমুজ প্রণালিতে ইরান মাইন বিছিয়েছে কিনা, তা এখনো নিশ্চিত নয় —জানিয়ে তিনি বলেন, আমরা এই নৌপথটি খুব জোরালোভাবে পরিষ্কার করব। আমাদের বিশ্বাস, যেসব দেশ তেল পেতে সমস্যায় পড়ছে, তারা এই কাজে আমাদের সঙ্গে যোগ দেবে।
ট্রাম্প পুনরায় জোর দিয়ে বলেন, হরমুজ প্রণালিকে নিরাপদ রাখতে তিনি অন্যান্য দেশগুলোর সঙ্গে একটি ‘যৌথ পরিকল্পনা’ নিয়ে কাজ করছেন। (সূত্র : আলজাজিরা)
এফআর