স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই। বিষয়টি এখনো বিচারাধীন। এটি যদি আইনে পরিণত হয় তখন দেখা যাবে।
তিনি আরও বলেছেন, নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি সংসদের অধিবেশন ডেকেছেন, সংবিধান সংস্কার পরিষদ না।
রোববার (১৫ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু হয়েছে। বেলা ১১টায় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনে ঢোকার আগে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এসময় তিনি রাষ্ট্রপতি জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেছেন মন্তব্য করে বলেন, সংবিধান সংস্কার পরিষদ আহ্বান করেননি। সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই, বিষয়টি এখনো উচ্চ আদালতে বিচারাধীন। স্পিকার ও ডেপুটি স্পিকার দলের পথ থেকে পদত্যাগ করেছেন, যাতে নিরপেক্ষতা বজায় থাকে।
সাংবিধানিকভাবে সেরকম কোনো পরিষদের (সংস্কার পরিষদ) অস্তিত্ব তো আমাদের সামনে নেই বলে মন্তব্য করেন তিনি।
তিনি জানান, যদি গণভোটের রায় অনুসারে সেটা ধারণ করতে হয় তবে সেটি সংবিধানে আগে সংশোধনী হতে হবে। সেটা সংসদে আলাপ আলোচনা হবে। সংবিধান সংশোধন হলেই সেটা সংবিধানে ধারণ হবে। এরপর যদি পরিষদ হয়, শপথ গ্রহণ করতে হয় সেটা তারপরের ব্যাপার।
/ইউএমএইচ