ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনায় হামলার জন্য ইরানকে ‘শাহেদ’ ড্রোন সরবরাহ করছে রাশিয়া। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এমন দাবি করেন।
জেলেনস্কি জানান, যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে হামলায় ইরান রাশিয়ার তৈরি শাহেদ ড্রোন ব্যবহার করেছে এবং বিষয়টি ‘শতভাগ সত্য’। মধ্যপ্রাচ্যের বিভিন্ন হামলাতেও শাহেদ ধরনের ড্রোন ব্যবহারের বিষয় উঠেছে, তবে সেগুলো ঠিক কোথায় তৈরি হয়েছে তা স্পষ্ট নয়।
শাহেদ ড্রোন প্রথম ইরানে তৈরি হয়। ব্যয়বহুল ক্ষেপণাস্ত্রের তুলনায় এটি কম খরচে তৈরি হওয়ায় দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই ড্রোন ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। ইউক্রেনের দাবি, ২০২২ সালের শেষ দিক থেকে রুশ বাহিনী হাজার হাজার শাহেদ ড্রোন ব্যবহার করেছে।
প্রাথমিকভাবে ইরান ড্রোন সরবরাহ করলেও পরে রাশিয়া নিজ দেশে একই ধরনের ড্রোন তৈরি করতে শুরু করে। বর্তমানে অন্যান্য দেশের সামরিক বাহিনীতেও শাহেদ ধরনের ড্রোনের ব্যবহার লক্ষ্য করা যাচ্ছে। যুক্তরাষ্ট্রও জানিয়েছে, ইরানের বিরুদ্ধে চলমান অভিযানে শাহেদ ধরনের ড্রোন ব্যবহার করা হচ্ছে।
/ইউএমএইচ