মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালিতে আটকা পড়েছে বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)-এর জাহাজ এমভি বাংলার জয়যাত্রা। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা শুরু হওয়ার পর থেকে জাহাজটি নিরাপত্তাজনিত কারণে ওই এলাকায় অবস্থান করছে।
বৃহস্পতিবার জাহাজটি হরমুজ প্রণালি পেরিয়ে দেশে ফেরার চেষ্টা করলেও সম্ভাব্য হামলার আশঙ্কায় আবার আগের অবস্থানে ফিরে যেতে বাধ্য হয়। এ পরিস্থিতিতে জাহাজটি যাতে নিরাপদে প্রণালি অতিক্রম করতে পারে, সে জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক উদ্যোগ নেওয়ার অনুরোধ জানিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছেন বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক।
জাহাজটিতে বর্তমানে ৩১ জন বাংলাদেশি নাবিক রয়েছেন। আন্তর্জাতিক জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা মেরিন ট্রাফিক-এর তথ্য অনুযায়ী, এমভি বাংলার জয়যাত্রা বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের শারজা উপকূলের বহির্নোঙর এলাকায় অবস্থান করছে।
বিএসসির সূত্রের বরাতে একটি জাতীয় দৈনিক জানিয়েছে, ভারত থেকে পণ্য নিয়ে গত ২ ফেব্রুয়ারি হরমুজ প্রণালি অতিক্রম করে পারস্য উপসাগরে প্রবেশ করে জাহাজটি। পরে কাতারের একটি বন্দর থেকে স্টিল কয়েল বোঝাই করে ২৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে পৌঁছায়।
এরপরই ইরানে হামলা শুরু হলে মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় দ্রুত সংঘাত ছড়িয়ে পড়ে। হামলার মধ্যেই কুয়েতের একটি বন্দরে নতুন করে পণ্য বোঝাই করার সূচি ছিল জাহাজটির। তবে নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় দ্রুত জাহাজটিকে দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয় বিএসসি।
এই সিদ্ধান্ত অনুযায়ী ১২ মার্চ জাহাজটি হরমুজ প্রণালির প্রবেশমুখ থেকে প্রায় ৬৬ নটিক্যাল মাইল দূরে পৌঁছায়। কিন্তু প্রণালিতে নিষেধাজ্ঞা এবং জাহাজে মিসাইল হামলার খবর পাওয়ার পর নিরাপত্তার স্বার্থে আবার আগের অবস্থানে ফিরে যায় ‘বাংলার জয়যাত্রা’।
উল্লেখ্য, এর আগে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ চলাকালে বাংলাদেশের আরেকটি জাহাজ এমভি বাংলার সমৃদ্ধি ইউক্রেনের অলিভিয়া বন্দরে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সে সময় জাহাজটির প্রকৌশলী হাদিসুর রহমান নিহত হন।
/ইউএমএইচ